Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপি’র সরবরাই সরব, বাকিরা নীরব !

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৩ পিএম

নারায়ণগঞ্জে বিএনপি’র সরবরাই সরব, বাকিরা নীরব !
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি গোটাদশেক নেতার ভেতরেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। বড় বড় পদ দখল করে বাকিরা নীরব দর্শকে পরিণত হয়েছেন।

 

দলীয় কর্মসূচি থেকে শুরু করে সভা-সমাবেশ, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ, আলোচনা সবকিছুই ঘুরে ফিরে দশ-পনেরজন বিএনপি নেতাই করছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, মৎসজীবী দল, জেলা বিএনপি, মহানগর বিএনপিসহ সব অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ, আংশিক এবং আহবায়ক কমিটি থাকার পরও তৎপরতা নেই নেতাদের মধ্যে।

 

জেলা ও মহানগর বিএনপির গুটিকয়েক নেতাই ঘুরেফিরে সারাবছর সাংগঠনিক কার্যক্রমে তৎপর থাকেন। নানা অযুহাতে দলের কার্যক্রম থেকে দীর্ঘসময় ধরেই দূরে থাকছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও মহানরগ বিএনপির সভাপতি এড.আবুল কালাম।

 

‘কর্মসূচি এলে করবো, কর্মসূচি পেলে অযুহাত’ এই নীতিতে জেলা, মহানগর বিএনপির অধিকাংশ নেতাসহ অঙ্গসংগঠনের নেতারা গা ছাড়া ভাব নিয়ে থাকেন। চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হয়ে গেলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। 

 

দলের প্রার্থীকে সমর্থন যোগাতে সরব থাকতে গেছে যারা সারা বছর জেলা ও মহানগরে সরব থাকেন এমন বিএনপি নেতাদেরই। বাকিরা নির্বাচন কিংব দলীয় কর্মসূচি নিয়ে কোন ভ্রুক্ষেপ করেননি।

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের পক্ষে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন নারায়ণগঞ্জের বেশ কয়েকজন বিএনপি নেতা। এর মধ্যে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পপাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, মহানগরের সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রীয় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁয়ের বিএনপি নেতা আযহারুল ইসলাম মান্নান, মহানগর ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।

 

বর্তমান নারায়ণগঞ্জ বিএনপি বলতে এই দশ পনের জনের বিএনপি নেতার কার্যকমকেই বোঝে বিএনপি নেতারা। এদের ফাঁকে ফাঁকে সরব হন মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সমর্থকরা।

 

নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অতীতে যতটা সরব এবং আগ্রহী ছিল তা সম্ভবপর হচ্ছেনা পদ দখল করে রাখা নীরব বিএনপি নেতাদের কারণে বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

 

বিএনপির তৃণমূল নেতাদের অভিযোগ, নারায়ণগঞ্জের বেশিরভাগ বিএনপি নেতাই বারো মাস থাকেন ‘কেতাবে আছে গোয়ালে নেই’ অবস্থায়। যখনই কোন নেতা দলকে সংগঠিত করতে এগিয়ে আসেন, তখন দুষ্ট বুদ্ধি নিয়ে ঝাঁপিয়ে পড়েন নীরব থাকা বিএনপি নেতারা।

 

আর যখন দলীয় মনোনয়নের প্রশ্ন আসে তখন তো তাদের অবস্থা গিয়ে দাঁড়ায় লাগাম ছাড়া অবস্থায়। যার দরুণ নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক তৎপরতা কম। একটি অফিসের ব্যবস্থাটুকুও করতে পারছে না জেলা ও মহানগর বিএনপির দুই সভাপতি। অফিসের কথা বলতে দুজনই নিজেদের বাসভবন দেখিয়ে দেন কর্মীদের। মামলা-হামলা, জেল-জুলুম থেকেও আলাদীনের প্রদীপের নিচে থাকায় বেঁচে থাকতে পারেন তারা। কিন্তু যত কষ্ট এখানকার কয়েকজন নির্দিষ্ট নেতা আর তৃণমূল কর্মীদের। আর তাই সরব নেতাদের উপরই আস্থা রাখতে চান বলে জানান তারা।

 

মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন বলেন, আমরা দলের জন্য রাজনীতি করি। দলকে ভালবাসি। এ জন্য অনেক অত্যাচার নির্যাতন সয়েও আমরা রাজপথ ছাড়িনি। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। আমাদের মায়ের সমতুল্য।

 

তিনি আরও বলেন, আমরা তাঁর মুক্তির জন্য রাজনীতি করি। আমি অনেক কষ্ট সহ্য করে ও টিকে থাকার চেষ্টা করছি। বাকিটা দলের কর্মীরাই ভাল বলতে পারবেন। দিন দিন রাজনীতি করাটা আমাদের জন্য দুঃসহ হয়ে দাঁড়াচ্ছে। তবুও আমরা নতুন সূর্যের আশায় বুক বেধে আছি।

 

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ‘সবাই তো আর আমাদের মতো সরব থাকতে পারবেনা, সবাই সেই ত্যাগটা করতে রাজিও নন, তবে তারা আছেন। সামর্থ্যরে চেয়ে বেশি দিয়ে রাজনীতি সরব রাখার চেষ্টা করি, যদিও দেশে রাজনীতি নেই।
 
তিনি আরও বলেন, আমাদের বিএনপির অস্থায়ী কার্যালয়টি সভাপতির বাসায়, কারণ এটি অন্যত্র সরিয়ে নেওয়ার জায়গা আমরা পাচ্ছিনা। আর মূল অফিসটি সিটি করপোরেশনের আন্ডার কনস্ট্রকিশনের মধ্যে। কাজ শেষ হলে হয়তো সেখানে অফিসের ব্যবস্থা হবে।’

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘ঝুঁকি নিয়ে সবাই রাজনীতি করতে চায়না, আর করার সক্ষমতাও আসলে সবার নেই। আর এখন রাজনীতির প্রেক্ষাপটটাই অন্যরকম। রাজনীতিতে প্রতিহিংসা কাজ করছে। আমরা প্রতিহিংসার শিকার হচ্ছি। স্বেচ্ছায়-অনিচ্ছায় মামলা সবাই নিতে চায়না। এসব মেনেই এগিয়ে যেতে হবে।সবাই থাকবে এটা আশা করাটা খুবই দুরুহ।’ 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন