ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের সহধর্মিণী জননী পারভীন ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনীত দুইবারের সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে সম্মানজনক পদ দেয়ায় পার্টির চেয়ারম্যান গোলাম মো. কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর জাতীয় পার্টির সচিব কাজী দেলোয়ার হোসেন।
সোমবার (৩ জানুয়ারি) ফতুল্লায় সদর জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বলেন সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা ও আলমগীর শিকদার লোটনকে প্রেসিডিয়াম সদস্য সহ ১৫ জন কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতাকর্মীদের দীর্ঘদিনের মনের আশা পূর্ণ হয়েছে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে সেলিম ওসমান তাঁর ব্যবসায়িক কার্যালয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের মিলনমেলা ঘটিয়ে প্রশংসা কুঁড়িয়েছেন। এখন অতীতের সব ভেদাভেদ ভুলে সদর জাতীয় পার্টিকে সুসংগঠিত করার সময় এসেছে। তাই পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানের সাথে সমন্বয় ঘটিয়ে সদর উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালী ও সুসংগঠিত করার অনুরোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলাম, মো. মুহিত, মো. আনোয়ার, সাইফুল ইসলাম বাহার, আব্দুল বাসেত, সাইদ প্রমুখ।


