সাংবাদিকরা এক হলে না’গঞ্জে কোনো সমস্যা আর থাকবে না : সেলিম ওসমান
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:৩০ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জের সকল সাংবাদিক, পত্রিকার প্রশাসক সম্পাদকদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেন, সাংবাদিকেরা সবাই যদি একত্রিত হতে পারে তাহলে নারায়ণগঞ্জে কোনো সমস্যা আর থাকবে না।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের চাষাড়া রাইফেল ক্লাবে স্থানীয় দৈনিক শীতলক্ষার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ওই কথা বলেন তিনি।
এ সময় সেলিম ওসমান ‘রাজনীতি করতে গিয়ে উড়ে এসে জুড়ে বসা কিছু লোককে আমরা মূল্যায়ন করছি’ মন্তব্য করে বলেন, শীতলক্ষ্যা নষ্ট হয়ে গেছে, কথাটা আমার কাছে কষ্ট লেগেছে। শীতলক্ষ্যা প্রাকৃতিকভাবে নষ্ট হয়নি, আমরাই নষ্ট করেছি।
আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের যে পরিকল্পনা রয়েছে, তার মধ্যে শীতলক্ষ্যাকে উন্নয়ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিভিন্ন ভাবে দখলকৃত, বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য পানি গিয়েই কিন্তু এই শীতলক্ষ্যাকে দূষিত করেছে। আমরা নষ্ট হয়ে গেছি তাই শীতলক্ষ্যা নষ্ট হয়ে যাচ্ছে।
যেদিন শীতলক্ষ্যার মধ্যে সেই আগের পানি পাবো, আমার ভবিষ্য প্রজন্মরা যেদিন পাবে। সেদিন থেকে আর নারায়ণগঞ্জে কোনো ভেদাভেদ থাকবে না। সেদিন সেই প্রাচ্যের ডান্ডি থেকে আরও আধুনিক উপার্জনশীল হবে এই নারায়ণগঞ্জ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষ এখন উন্নয়ণ বিশ্বাস করে। যা এটিএম কামালের বক্তৃতায় স্পষ্ট হয়ে গিয়েছে। উন্নয়নের সাথে কোনো রাজনীতি নাই। উন্নয়ণকে মানুষ ভালোবাসে। এখানে তিনটা দলের মানুষ আমরা একই সাথে বসছি। কে কি করি সেটা বিষয় না। এখানে আমরা এক সাথে বসে নারায়ণগঞ্জের কথা চিন্তা করতে পারছি। আমরা যে যেই দলই করি না কনে, আমরা যেন উন্নয়ণের দিকটা দেখি।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক শীতলক্ষার উপদেষ্টা সম্পাদক এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সাংসদ সেলিম ওসমানের সহধর্মীনি নাসরিন ওসমান, দৈনিক ডান্ডিবার্তা সম্পাদক হাবিবুর রহমান বাদল, সোজা সাপটা সম্পাদক আবু সাউদ মাসুদ, শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দিপু, মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন প্রমূখ।


