বাংলাদেশে সবচেয়ে অবহেলার শিকার শ্রমিকরা : রাজেকুজ্জামান রতন
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৮:১৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর অন্যতম শীর্ষ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন বলেছেন, বাংলাদেশে সবচেয়ে অবহেলার শিকার শ্রমিকরা। কলে-কারখানায়, অফিস-আদালতে, ক্ষেতে-খামারে, রাস্তাঘাটে দিনরাত পরিশ্রম করেন বাংলাদেশের শ্রমিক। তাদের পরিশ্রম বেশি, কাজের সময় বেশি কিন্তু মজুরি সবচেয়ে কম। বাজারের সবচেয়ে নিম্নমানের সস্তা জিনিস কিনে তাঁরা নিজেরা খান, সন্তানদের খাওয়ান। তাদের পোশাক কম দামের, থাকার ঘর অস্বাস্থ্যকর, চিকিৎসা নিম্নমানের, বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে না, সন্তানের ভাল শিক্ষার ব্যবস্থা করতে পারে না। উৎপাদনের চালিকাশক্তি শ্রমিক কিন্তু তাদের নিজেদের সংসার ঠিকমতো চলে না।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কমরেড রাজেকুজ্জামান বলেন, দেশের শিল্প, কৃষি, সেবাসহ সকল খাতে উৎপাদন ক্রমাগত বাড়ছে, বার্ষিক উৎপাদন বা জিডিপি ২৫ লাখ কোটি টাকার বেশি, রপ্তানি আয় ৩ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি, প্রবৃদ্ধি প্রতি বছর ৮ শতাংশ। এসব তথ্য বলে দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু এসব হচ্ছে কাদের শ্রমে? শ্রমিকের শ্রম ছাড়া বিভিন্ন ধরনের কাপড়, খাদ্য, নির্মাণ সামগ্রী, যানবাহন ইত্যাদি তৈরি সম্ভব নয়। আবার শ্রমিকের হাতের ছোঁয়া না পেলে কোন যন্ত্র দিয়ে কাজ করাও সম্ভব নয়। যন্ত্রের পিছনে যে শ্রমিকের শ্রম, যার কারণে উৎপাদন হয় তার মূল্য কতটুকু?
তিনি উল্লেখ করেন, গত ৪৮ বছরে কোটিপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জন থেকে ১ লাখ ৬৮ হাজার। এদের এত সম্পদ এলো কোথা থেকে, তৈরি করলো কারা? গার্মেন্টস, রি-রোলিং, পরিবহণ, টেক্সটাইল, ইমারত নির্মাণসহ যত ধরনের প্রতিষ্ঠান আছে শ্রমিক ছাড়া কোনটিতেই কি উৎপাদন সম্ভব? কিন্তু মুনাফা বাড়াতে মালিকরা সবসময় শ্রমিকের মজুরি কমিয়ে আর কাজের সময় বাড়িয়ে দেয়। একদিকে উন্নয়নের জোয়ার অন্যদিকে কোন রকমে জীবনধারণ করা শ্রমিক, একদিকে দ্রুত গতিতে ধনী হওয়ায় প্রথম অন্যদিকে সবচেয়ে কম মজুরির শ্রমিক, এটাই বাংলাদেশের চিত্র।
কমরেড রাজেকুজ্জামান বলেন, দেশে ৬ কোটি ৩৪ লাখ শ্রমজীবী মানুষ এর মধ্যে ৮৮ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে-যাদের মজুরি ও কাজের কোন নিশ্চয়তা নাই। শ্রম আইনের বাধা, মালিকদের হয়রানি, ছাঁটাই, ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের নির্যাতন, পুলিশের দমন-পীড়ন, মামলা ইত্যাদির কারণে শ্রমিকদের মাত্র ৪ শতাংশ ইউনিয়ন করতে পারছে। মালিক এবং সরকার জানে শ্রমিকরা সংখ্যায় বেশি হলেও অসংগঠিত শ্রমিক অসহায়। তাই শ্রমিকদের সংগঠিত হতে বাধা সৃষ্টি করে তাদের বিচ্ছিন্ন রাখে। দেশে কোন সর্বনিম্ন জাতীয় মজুরি কাঠামো নেই। ৪৩টি সেক্টরে মালিকরা যত কম মজুরি দিয়ে কাজ করাতে পারে সে চেষ্টা করে। বাংলাদেশের পে-কমিশনে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত ১০:১। বাস্তবে এই বৈষম্য আরও বেশি। পে-কমিশন অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০১৫ সালে ৮ হাজার ২৫০ টাকা বেসিক হিসেবে বর্তমানে ১৮ হাজার টাকার বেশি দাঁড়ায়। কিন্তু গার্মেন্টসে ৮ হাজার টাকা এবং সকল খাতের শ্রমিকরা পে-কমিশনের চেয়ে অনেক কম মজুরিতে কাজ করতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, বেকারত্ব, মালিকদের শক্তি, সরকারের সহায়তা আর কারণে শ্রমিকদের কম মজুরি দিয়ে মালিকরা অতিরিক্ত মুনাফা করতে পারছে। শ্রম আইনের ২৩, ২৬, ২৭, ১৭৯, ১৮০ ধারার অপব্যবহার করে মালিকরা শ্রমিকদের বঞ্চিত করছে। শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ মাত্র ২ লাখ টাকা। উন্নয়নের মহাসড়কে মধ্যম আয়ের দেশে একজন শ্রমিকের জীবনের মূল্য নিয়ে চলছে এই প্রহসন।
রাজেকুজ্জামান রতন বলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শুরু থেকেই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সচেতন করার সংগ্রাম চালিয়ে আসছে। শ্রমিক ফ্রন্ট মনে করে আন্দোলন সংগ্রামের পথেই গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার আদায় ও সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে। তাই গার্মেন্টস, রি-রোলিং, পরিবহণ, রিকশাসহ যেখানেই শ্রমিকদের সমস্যা সেখানেই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে আসছে শ্রমিক ফ্রন্ট।
সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র। পরে শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আসিত বরণ বিশ্বাস, গামের্ন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সহ-সভাপতি এমএ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এসএম কাদির ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ প্রমুখ।


