যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে: আনোয়ার
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:০৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন যারা এই দেশের স্বাধীনতা চায়নি তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। আজ যদি তিনি জীবিত থাকতেন তাহলে দেশ আজকে সিঙ্গাপুর, মালয়েশিয়ায় চেয়েও উন্নত হতো ।
১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পালন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নগরীর দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের উন্নয়ন কর্মকাণ্ড সাময়িক বাঁধাগ্রস্ত হয়েছে কিন্ত তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূনরায় ক্ষমতায় এসে দেশের উন্নয়নে মনোনিবেশ করেছেন।
উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই দেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। শিক্ষা, চিকিৎসা, কৃষি সহ সকল ক্ষেত্রেই দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। তাই আজকের এই দিনে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ কালো রাতে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানি হানাদার বাহিনী। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। তাই এই দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিন হিসেবে পালন করা হয়।
পাকিস্তানিরা যখন গ্রেফতার করে তখন বঙ্গবন্ধুকে প্রস্তাব করা হয় পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, যদি আমাকে হত্যা করো তাহলে আমার লাশ দেশে পাঠিয়ে দিও। তার মত এমন মানুষ এই বাংলাদেশে আর জন্মাবেনা।
জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, প্রচার সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যা প্রমুখ ।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।


