Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলীর আতঙ্ক হালিম আজাদ-সামেদ আলী বাহিনী

দুই বাহিনীতে ত্রাসের রাজত্ব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

দুই বাহিনীতে ত্রাসের রাজত্ব
Swapno

ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নে ইটভাটার নিয়ন্ত্রণ, অবৈধভাবে মাটি উত্তোলন এবং বিভিন্ন খাতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আধিপত্য বিস্তার ও অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিরোধের এক পক্ষে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তাবলী ইউনিয়ন শাখার অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলী এবং অপর পক্ষে বিএনপি থেকে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ।



গত শুক্রবার কমিশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামেদ আলী ও হালিম আজাদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শর্টগানের গুলিবর্ষণ ও টেঁটার আঘাতে নারীসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সামেদ আলীর ছেলে গণিসহ উভয় পক্ষের আটজনকে আটক করেছে। তবে হালিম আজাদ পক্ষের অভিযুক্ত কয়েকজন এখনো পলাতক রয়েছেন।



স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ইটভাটায় মাটি সরবরাহ এবং শ্রমিক নিয়ন্ত্রণের মাধ্যমে একটি চক্র মাসে কোটি টাকার বেশি চাঁদা আদায় করছে। অবৈধ মাটি বাণিজ্য নদী থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০০ ট্রলার মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহ করা হয়। ট্রলারপ্রতি ৩ হাজার টাকা হিসেবে দৈনিক প্রায় ৬ লাখ টাকা (মাসে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) আদায়ের অভিযোগ রয়েছে। ইটভাটায় চাঁদাবাজি হিসেবে  প্রতাবনগর থেকে সিপাহীপাড়া পর্যন্ত প্রায় ১০টি ইটভাটা থেকে প্রতি ইটে ১ টাকা হারে সপ্তাহে ১৫ থেকে ২০ লাখ টাকা আদায় করা হয়। অন্যান্য খাত হিসেবে ইটভাটায় মাটি ফেলার ক্ষেত্রে স্কয়ার ফিট হিসেবে মাসে প্রায় ১৫ লাখ টাকা, প্রতাবনগর এলাকায় প্রতিটি বাল্কহেড অবস্থান বাবদ ৫০০ টাকা এবং প্রায় ৫০০ শ্রমিকের কাজের ওপরও নিয়মিত চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে।



নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ইটভাটা মালিক জানান, প্রভাবশালী চক্রের ভয়ভীতির কারণে তাঁরা স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। মাটি কেনা থেকে শুরু করে শ্রমিক নিয়োগ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট পক্ষের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হচ্ছেন তাঁরা।



স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, সামেদ আলীর পক্ষের সঙ্গে হাসান আলী, মন্নেক খান, দেলোয়ার হোসেন মেসি, মোতালেব খান ও আফজাল হোসেন মেম্বারসহ তাঁর পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন। অভিযোগ রয়েছে, এই পক্ষের নেপথ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ফকিরের পৃষ্ঠপোষকতা রয়েছে এবং অটোরিকশা-টেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল কাদির সিপাহী মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। অন্যদিকে, হালিম আজাদের পক্ষে রাসেল প্রধান, আবুল খায়ের ও মোতালেবসহ স্থানীয় বেশ কয়েকজন সক্রিয় রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।



বক্তাবলীতে এই দুই পক্ষের বিরোধ নতুন নয়। এর আগে গত ১০ অক্টোবর ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। তার আগে গত ২৮ সেপ্টেম্বর মাটি কাটার ভাগ-বাটোয়ারা নিয়ে জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর হালিম আজাদ, রাসেল প্রধান ও আবুল খায়েরসহ ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর অবৈধ মাটি উত্তোলন সংক্রান্ত একটি কথিত বৈঠকে ডিবি পুলিশ অভিযান চালালেও পুলিশ সেটিকে নিয়মিত অভিযান হিসেবে উল্লেখ করেছিল।



স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নদী থেকে অবৈধ মাটি উত্তোলন ও চাঁদাবাজি বন্ধ করা না হলে বক্তাবলীতে যেকোনো সময় আরও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বর্তমানে হালিদ আজাদ ও সামেদ আলী বাহিনীর বিরুদ্ধে প্রশাসনের কঠিন ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন