গাজীর সাবেক এপিএস এমদাদ ঢাকায় গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
# রূপগঞ্জে ‘দাদা এমদাদ’ নামে পরিচিত সাবেক এই এপিএসের বিরুদ্ধে অর্থ পাচার, জমি দখল ও চাঁদাবাজির নানা অভিযোগ
# অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজধানী ঢাকায় গড়েছেন সম্পদের পাহাড়
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জে ‘দাদা এমদাদ’ নামে পরিচিত এমদাদুল হকের বিরুদ্ধে অর্থ পাচার, জমি দখল, প্রতারণা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে নিজ জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ গড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ডিবি সূত্র জানায়, রূপগঞ্জের একটি হত্যা মামলার আসামি এমদাদুল হক ঢাকায় আত্মগোপনে ছিলেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। ঢাকায় তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। ঢাকায় মামলা না থাকলে তাকে রূপগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে। অন্য কোনো মামলা পাওয়া গেলে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে ঢাকার একটি গণমাধ্যমে কাজ করার সুবাদে গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা এমদাদুল হকের পরিচয় হয়। এরপর তিনি গাজীর এপিএস হিসেবে কাজ শুরু করেন। রূপগঞ্জে গাজীর একাধিক এপিএস থাকলেও তার রাজনৈতিক কর্মকাণ্ডে এমদাদুল হকের প্রভাব ছিল বলে স্থানীয়দের দাবি।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গোলাম দস্তগীর গাজী মন্ত্রী হলে এমদাদুল হকের প্রভাব আরও বাড়ে। স্থানীয় সূত্রের অভিযোগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন ও পদোন্নতিসহ বিভিন্ন কর্মকাণ্ডে তার প্রভাব ছিল। মন্ত্রণালয়ের পাশাপাশি রূপগঞ্জের উন্নয়ন প্রকল্পের কাজ ও ঠিকাদারি কার্যক্রমেও তিনি প্রভাব বিস্তার করতেন। গাজীর পক্ষে দরপত্র নিয়ন্ত্রণ, নিয়োগ-বাণিজ্য ও বিভিন্ন কমিটি গঠনে তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে গাজীর এপিএস হিসেবে দায়িত্ব পালনের সময় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এমদাদুল হক জমি দখল, চাঁদাবাজি, প্লট-বাণিজ্য ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করেন।
২০২৫ সালের ১১ ডিসেম্বর গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হকসহ আটজনের বিরুদ্ধে প্রায় ৮৭ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অনুসন্ধানে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত সংঘবদ্ধভাবে প্রতারণা, চাঁদাবাজি ও ভুয়া দলিল তৈরির মাধ্যমে ১৬ জনের মালিকানাধীন ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি অবৈধভাবে দখল ও হস্তান্তরের অভিযোগ উঠে আসে। এসব জমির সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা। এর আগে ২০২৪ সালের আগস্টে রূপগঞ্জে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হকসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা করেন বাবুল শিকদার নামের এক বিএনপি নেতা। এ ছাড়া চনপাড়া এলাকায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নূরুন্নাহার বেগম নামের এক নারীর করা মামলাতেও এমদাদুল হককে আসামি করা হয়।
সূত্রের দাবি, গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হওয়ার পর এমদাদুল হক ঢাকায় আত্মগোপন করেন। এ সময় তিনি বাসাবো এলাকায় নিজের ফ্ল্যাটে অবস্থান করতেন। পরে কখনো সিরাজগঞ্জ, কখনও ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
সূত্র জানায়, ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর এমদাদুল হক ঢাকায় থেকে বিভিন্ন তৎপরতা চালাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


