Logo
Logo
×

নগরের বাইরে

কনস্টেবল আনোয়ার হত্যা

দুর্ধর্ষ ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

দুর্ধর্ষ ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে
Swapno

ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড ও তাঁর ভাই আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযানে পুলিশের গুলিতে আহত হয়েছেন ডেভিড। এ সময় ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ। গতকাল (২৫ নভেম্বর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।




পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্তে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে তাঁকে চিহ্নিত করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।




পুলিশের দাবি, সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাসলিমপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবনে ডেভিডকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়লে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে চার পুলিশ সদস্যও আহত হন। গুলিবিদ্ধ ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পৃথক অভিযানে নারায়ণগঞ্জের এসআরবি-১১ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।




গত রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এএসআই সাত্তার পালিয়ে প্রাণ রক্ষা করলেও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আনোয়ার। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন