রূপগঞ্জে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
রূপগঞ্জে চলতি মাসের ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনের জেলা ইজতেমা আয়োজন করতে যাচ্ছে তাবলীগ জামাতের সাদপন্থীরা। সাদপন্থিদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার ব্যানারে একটি অংশ। গতকাল (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার তাড়াবো বিশ্ব রোড এলাকায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, তাবলিগ জামাতের চলমান বিভক্তি ও মতবিরোধের কারণে দেশের ধর্মীয় অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। অতীতেও বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আমরা লক্ষ্য করেছি ।
বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ও বিরোধের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি বিভক্তিমূলক কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও জমি দখলের অভিযোগও উত্থাপন করেন তারা। এ অবস্থায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজন বন্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। তাদের দাবি, ধর্মীয় বিষয়ে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না তারা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


