Logo
Logo
×

নগরের বাইরে

গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

গরম পানি দিয়ে ঝলসে  দেওয়া সেই কিশোরীর মৃত্যু
Swapno

সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।  গতকাল শুক্রবার দুপুরে মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসার অভাবে সেই কিশোরীর মৃত্যু হয়।  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে আপন মামি ঘুমন্ত অবস্থায় আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর নিহত কিশোরীর মা রওশন আরা বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। ওই মামলা অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়ো আক্তার ও সোনিয়ার বোন জামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করা আদালতে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে তারা নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছে।




পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে দীর্ঘদিন ধরে তার ছোট ভাই জাকির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলেছিল। এ বিরোধের জের ধরে জাকির হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় ভূক্তভোগী পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। গত ২৫ সেপ্টেম্ববর রবিবার দুপুর দুইটার দিকে রওশন আরা ও তার পরিবারের লোকজন কিশোরী মেয়ে আফরিন আক্তারকে বাড়িতে রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে রওশন আরার ঘরে প্রবেশ করে। এসময় ঘুমন্ত অবস্থায় কিশোরী আফরিন আক্তারকে তার গায়ে গরম পানি ছুড়ে মারে তার মামি সোনিয়া আক্তার। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দগ্ধ ওই কিশোরী ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা গ্রহন করে। পরে টাকার অভাবে তাকে বাড়ি নিয়ে আসে তার পরিবার। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করেন। কয়েক দফায় সালীশি বৈঠক বসলেও কোন সমাধান হয়নি।




পরবর্তীতে কোন সমাধান না পেয়ে গত ২৭অক্টোবর মঙ্গলবার সকালে কিশোরী আফরিনের মা বাদি হয়ে ৪ জনকে আসামী করে সোনারগাঁও থানায় মামালা দায়ের করেন। ওই মামলায় দুপুরে কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ রহমত আলীর ছেলে জাকির হোসেন, তার স্ত্রী সোনিয়া আক্তার ও তার বোন জামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে। ভূক্তভোগী কিশোরীর মা রওশন আরা জানান, তার ভাই জাকির হোসেন ও তার স্ত্রীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাদের সঙ্গে দীর্ঘ শত্রুতা ছিল। এছাড়াও একটি মোবাইল হারানোকে কেন্দ্র করে তার মেয়েকে দোষারোপ করা হয়। এ ঘটনায় তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার তার মেয়ের গায়ে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দেয়। এতে তার শরীর ঝলসে যায়।




তিনি আরো জানান,অর্থাভাবে তার মেয়েকে চিকিৎসা শেষ না করে বাড়ি নিয়ে আসেন। বিষয়টি মিমাংসার জন্য একাধিকবার বিচার সালিস ডাকা হয়। তিনি জানান, ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে তার ইচ্ছে ছিল না। তার মেয়ের চিকিৎসার ব্যয় ভার বহন করলেই সমস্যার সমাধান হতো। তার মেয়ে চিকিৎসার অর্থের অভাবে মারা যায়। এটি হত্যাকান্ড। তার মেয়ের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া কিশোর মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়েছে। নিহত  কিশোরীর মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এ হত্যাকান্ডের জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন