আড়াইহাজারে ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
আড়াইহাজারে নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁন বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল (১১ নভেম্বর) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের বারোআনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন বানু ওই এলাকার মো. জামানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চাঁন বানু নিজেদের একতলা ভবনের ছাদে যান। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজাল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


