Logo
Logo
×

নগরের বাইরে

দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ
Swapno

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার, যানবাহনে অগ্নিসংযোগ, স্কুল-কলেজে তালা এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি বাসে আগুন ও অন্তত ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় একজন নিহতসহ প্রায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক। আলোচ্য সময়ে ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ১৭টি, ঢাকার বাইরে ১৩টি। এ ছাড়া বাসে দেওয়া আগুনে ফরিদপুরে প্রাণ গেছে ঘুমন্ত এক চালকের। নেত্রকোনায় আগুন দেওয়া হয়েছে ট্রেনে। গোপালগঞ্জে আক্রান্ত হয়েছে পুলিশ, গাড়িতে দেওয়া হয়েছে আগুন ও রাস্তায় টায়ার জ্বালিয়ে করা হয়েছে লগি-বৈঠার বিক্ষোভ।



রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর, সায়েন্স ল্যাব ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সামনে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক চালক। গত ২৪ ঘণ্টায় (সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা) নাশকতার চেষ্টাকালে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।এদিকে তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। গতকাল দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলের সঙ্গে একটি চিরকুটও পাওয়া যায়। এতে লেখা ছিল— ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’।



একই দিন দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের পাশে মিরপুর সড়ক থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এসআরইউর বম্ব ডিসপোজাল ইউনিট ককটেল দুটি উদ্ধার করে। গাবতলী-মোহাম্মদপুর সড়কের বেড়িবাঁধে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনেও একটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলটি ঘিরে রাখে। পরে নিষ্ক্রিয় করার জন্য এসআরইউর বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম। এ ছাড়া দুপুর ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি (এফবিএস) ও কলা ভবনের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরেফিন সেলিম ও গাড়িচালক সোহেল। তাদের মধ্যে গাড়িচালক সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


এর আগে গত সোমবার রাতে টিএসসিতে ১টি, মালিবাগে ১টি, আদাবরে ৪টি, তেজগাঁও শিল্পাঞ্চলে দুটি, মিরপুর ১৩ নম্বরে একটি, টেকনিক্যাল মোড়ে একটি, তিতুমীর কলেজের সামনে একটি, বনানীতে একটি, বকশীবাজারে দুটি, ইন্টারকন্টিনেন্টালের সামনে একটি এবং গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাবিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল ধানমন্ডি ৩২-এ দুটি, সায়েন্স ল্যাব সিটি কলেজের সামনে দুটি ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন