Logo
Logo
×

নগরের বাইরে

অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল ইউসুফের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল ইউসুফের

ইউসুফ আলী

Swapno

ফুপুর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন ১৯ বছর বয়সী ইউসুফ আলী। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারান তিনি। গতকাল (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কের মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহত ইউসুফ আলী রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় ফুপা আব্দুস সাত্তারের বাড়িতে থাকতেন। সম্প্রতি স্থানীয় একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়াশোনা শেষ করেছিলেন তিনি।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন ইউসুফ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।


ইউসুফের ফুপা আব্দুস সাত্তার বলেন, “আমার স্ত্রী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তাঁর অপারেশন হয়েছে। চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন হওয়ায় ইউসুফকে ১৫ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসতে বলেছিলাম। সকাল ৬টায় সে টাকা নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুরেও হাসপাতালে না পৌঁছালে আমরা তাকে খুঁজতে থাকি। পরে স্থানীয় অটোচালকদের মাধ্যমে জানতে পারি, এই বয়সের এক ছেলে দুর্ঘটনায় পড়েছে। থানায় গিয়ে ছবি দেখে ইউসুফকে শনাক্ত করি।” তিনি আরও বলেন, “ইউসুফ ওর বংশের বড় সন্তান। মৃত্যুর খবরে ওর মা ও দাদি ভেঙে পড়েছেন। আমরা এখনো ওর আব্বাকে বিষয়টি জানাইনি। কীভাবে জানাব, কিছুই বুঝতে পারছি না।” সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, “সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলীর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের লোকজন এসেছেন। এ বিষয়ে আমরা কাজ করছি।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন