নারায়ণগঞ্জে আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় ডিবির চার সদস্যের দল।
এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহমেদ।
পুলিশ আরও জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় ওয়াশরুমে থাকায় মারধরের শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেছেন, ‘আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বললেন, ‘ঢাকা জেলার ডিবির কয়েকজন কর্মকর্তা রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এসেছিলেন। তারা সাদা পোশাকে ছিলেন। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হন। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা-পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।’