Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

Swapno



নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ওসমান গনি (৪০) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া চরপাড়ার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায়। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলার বিএনপি’র দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। এ ঘটনায় দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।


স্থানীয়রা জানান, বিএনপি নেতা ওসমান গনির সাথে মাটি কাটা নিয়ে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ একটি মহলের বিরোধ ছিল। গতকাল রাতে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা জবেদ আলী মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হসপিটালে প্রেরণ করেন। তবে মৃতের পরিবারের দাবী ছিল ওসমান গনি ঘটনাস্থলেই মারা গেছেন।


প্রত্যক্ষদর্শী নারায়ণগঞ্জ জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিফাত মিয়া বলেন, ‘আমি ঘটনাস্থলেই ছিলাম, সন্ত্রাসীরা প্রথমেই আমাকে এসে হুমকি দেয়। পরে তারা আমার সামনে ওসমান ভাইকে কুপিয়ে নির্মমভাবে খুন করে।’ তিনি আরো বলেন, ‘তারা সংখ্যায় অনেক ছিল, তাদেরকে বাঁধার দেয়ার মতো পরিস্থিতি ছিলনা।’


আরেক প্রত্যক্ষদর্শী মাহফুজ ভূঁইয়া বাবুল বলেন, ‘কাউন্দার চকে একটি জমি কিনে সেখান থেকে শ্রমিকেরা মাটি কেটে ড্রাম ট্রাকে ভর্তি করতে ছিল, আমি গাড়িতেই বসা ছিলাম, হঠাৎ একদল অস্ত্রধারী মুখোশ পরিহিত লোক ওসমান ভাইয়ের ওপর হামলা চালায়, এসময় তাকে এলাপাথাড়ি কোপাতে থাকে, মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ তিনি আরো বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি চক্র আমাদের কাছে মোটা অংকের অর্থ দাবি করে আসছিল। তাতে রাজী না হওয়ায় তারা ওসমান গনিকে নৃসংশভাবে হত্যা করেছে।’


ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা.মনির হোসেন জানান, ‘দুপ্তারা ইউনিয়নের চরপাড়া গোরস্থানের পাশে মালিকের জমি কেটে পুকুর কাটার কন্ট্রাক্ট নেয় ওসমান। এক সপ্তাহ ধরে মাটি কাটাচ্ছিল সে। মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের সচিব রমজান আলী, চরপাড়ার জুম্মন, সুমনসহ আরো কয়েকজন গিয়ে ওসমানকে বলে, এটা দুপ্তারা ইউনিয়ন, ব্রাহ্মন্দী ইউনিয়ন নয়। এই ইউনিয়নে মাটি কাটতে হলে আমাদের টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকার করলে ওসমানকে দেখে নেয়ার হুমকি দেয়। এরপরই বুধবার এই ঘটনা ঘটায় রমজান।’  


এদিকে মৃতের পরিবারের লোকজনসহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গতকাল বৃহম্পতিবার ভোরে আড়াইহাজার-ভুলতা সড়কের বড় বিনাইর চর এলাকায় রাস্তায় টায়ার জ¦ালিয়ে অবরোধ করে। এসময় তারা বেশ কয়েকটি মটরবাইকে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুইঘন্টাব্যাপী সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় অবরোধকারী রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, ‘এখনো এই ঘটনায় মামলা দায়ের করা হয়নি। তবে এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মাটি কাটা নিয়েই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন