অনুমতি ছাড়া রাস্তা কাটায় আবির ফ্যাশন’কে লক্ষাধিক টাকা জরিমানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
অনুমতি ছাড়া রাস্তা কাটায় আবির ফ্যাশন’কে লক্ষাধিক টাকা জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাটার দায়ে একটি পোশাক কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ‘আবির ফ্যাশন’ নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন সড়ক অনুমতি ছাড়া কাটার ফলে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


