গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্র ইমরানের জন্য প্রার্থনায় গোটা এলাকা
জ্ঞান ফিরেছে, তবুও কাটেনি শঙ্কা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রের জ্ঞান ফিরেছে, তবুও কাটেনি শঙ্কা
ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের নির্মম ঘটনার শিকার মাদ্রাসা ছাত্র ইমরান এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে। তবে আশার আলো দেখিয়েছে একটি খবর। তার জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে চোখ মেলে তাকাচ্ছে, টুকিটাকি কথা বলছে, প্রয়োজনে ইশারায় বোঝানোর চেষ্টা করছে। এ যেন পরিবারের জন্য এক টুকরো স্বস্তি, কিন্তু পুরোপুরি স্বস্তি নয়। ইমরানের বোন ইশা মনি জানিয়েছেন, ও এখন কথা বলতে পারে, আমাদের চিনতে পারছে। কিছু দরকার হলে ইশারা দেয়। কিন্তু ওর অবস্থা এখনো খুব খারাপ। কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে অসহায়তা আর দুশ্চিন্তার ভার।
মাদ্রাসা থেকে ফিরে, একেবারে সাধারণ দিনের মতোই পাশের গলিতে সাইকেল চালাচ্ছিল সে। হঠাৎ চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি বুঝে সাইকেলটি বাসায় রাখতে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঠিক সেই মুহূর্তেই আচমকা ছুটে আসা একটি গুলি তার পেটে বিদ্ধ হয়।


