ফতুল্লায় শুভ হত্যায় জড়িত ‘লাল শুভ’ র্যাবের হাতে গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লায় শুভ হত্যায় জড়িত ‘লাল শুভ’ র্যাবের হাতে গ্রেফতার
ফতুল্লায় শুভ (২১) নামে এক যুবককে অপহরণের পর হত্যা মামলার অন্যতম আসামি মোঃ আল আমিন ইসলাম ওরফে ‘লাল শুভ’ (২৪)-কে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে তারা ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ পেশায় একজন এসি মেকার ছিলেন। প্রায় ৭-৮ মাস ধরে এলাকার কিছু বখাটের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানার সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়, যার জেরে রানা ও তার সহযোগীরা শুভকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল।
গত ২৯ মার্চ ২০২৬ বিকেল ৪টার দিকে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গ্রেফতারকৃত আসামি লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইনে আসতে বলে। পরে সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন কাশেমের ভাঙারি দোকানের সামনে পৌঁছালে লাল শুভসহ অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত হলে তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এরপর থেকেই শুভ নিখোঁজ ছিলেন। ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা সেটিকে শুভর মরদেহ হিসেবে শনাক্ত করেন। নিখোঁজের সাত দিন পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
ঘটনার পর র্যাব-১১ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি এবং র্যাব-১৩, রংপুরের একটি যৌথ দল ৬ এপ্রিল ২০২৬ ভোর সাড়ে ৩টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মারপাড়া এলাকা থেকে আসামি লাল শুভকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


