কাঁচপুরে কোস্টগার্ডের অভিযানে ৮৮ লাখ টাকার পলিথিন জব্দ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
কাঁচপুরে কোস্টগার্ডের অভিযানে ৮৮ লাখ টাকার পলিথিন জব্দ
নারায়ণগঞ্জে কাঁচপুরে বিশেষ অভিযানে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের সাত হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
এ সময় চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে জব্দ নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’


