অটোরিকশা উল্টে তরুণী নিহত, আহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় সুলতানা (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে। দুর্ঘটনার সময় তিনি মদনপুর থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং যানটি রাস্তার পাশে উল্টে যায়। এতে সুলতানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরে রাত আনুমানিক সাড়ে বারোটায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


