নিয়মিত অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ চুন কারখানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রশাসনের অভিযানের পর নামমাত্র জরিমানা আর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরও বেপরোয়া সোনারগাঁয়ের চুনা কারখানাগুলো। বারবার অভিযোগ আর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
প্রশাসনের অভিযানের পর নামমাত্র জরিমানা আর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরও বেপরোয়া সোনারগাঁয়ের চুনা কারখানাগুলো। বারবার অভিযোগ আর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। সুবর্নগ্রাম হিসেবে বিখ্যাত সোনারগাঁয়ের প্রতি এমন অবহেলায় ক্ষুব্ধ পরিবেশবাদীরাও। হঠাৎ করেই নির্মল সবুজে ঘেরা সোনারগাঁও পৌরসভার দত্তপাড়ায় গড়ে উঠে একাধিক চুনা কারখানা। দত্তপাড়া এলাকার ইউনুসের পরিত্যক্ত জায়গা এবং দত্তপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় আল মোস্তফা এবং মাসুম চৌধুরীর জায়গায় এসব চুনা কারখানা স্থাপন হয়। সোনারগাঁ উপজেলা বিএনপির ছত্রছায়ায় এবং প্রত্যক্ষ শেল্টারে এসব চুনা কারখানা এখানে স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা বলছেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের প্রত্যক্ষ ইশারায় এই চুনা কারখানাগুলো এলাকাবাসীর উপর চাপিয়ে দেয়া হয়েছে। মোশারফ হোসেন নিজে ঢাকায় বসবাস করেন, তাই তিনি এলাকাবাসীর এসব দুর্ভোগের বিষয়টি অনুধাবন করতে পারছেন না, এতে তার উপরও ক্ষুব্ধ এলাকাবাসী। তবে সরকারদলীয় লোক হওয়ায় এব্যাপারে প্রকাশ্য ক্ষোভ ঝেড়ে মোশারফ হোসেনের দ্বারস্থ হয়েও কোন সমাধান পায়নি এলকাবাসী। তাদের অভিযোগ, সোনারগাঁও পৌরসভা এলাকায় বর্তমানে ব্যাঙের ছাতার মতো অবৈধ চুনা কারখানা গড়ে উঠছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র জানিয়েছে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এর আগে বেশ কয়েকবার অভিযান চালালেও রহস্যজনক কারণে আবারও সেখানে চুনা কারখানা গড়ে উঠেছে। এছাড়াও দৌলোরবাগ মসজিদের পাশেও একটি চুনা কারখানা স্থাপন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দেশে যখন গ্যাস সংকট চলছে, তখন অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে এসব চুনা কারখানা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে চুনা উৎপাদনের মাধ্যমে একটি মহল কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর দাবি, সোনারগাঁ পৌরসভার মতো প্রসিদ্ধ একটি জায়গায় এসব চুনাকারখানা স্থাপন করে গোটা এলাকা বসবাসের অনুপযুক্ত করা হয়েছে। তারা দাবি করেন, এসব চুনা কারখানা বিরুদ্ধে আরও কঠিন হস্তক্ষেপ করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ও আহবান জানান। অবিলম্বে এসব চুনা কারখানা বন্ধ করার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে এসব কারখানা পরিচালিত হচ্ছে। প্রতিবাদ করলে অনেক সময় স্থানীয়রা হুমকি বা হামলার শিকার হন।
তিতাস গ্যাসের সোনারগাঁ অঞ্চলের ডিজিএম মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এসব কারখানা।


