ইসলামের শান্তির বাণী সঠিকভাবে তুলে ধরতে হবে : এমপি বাবু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০১ পিএম
নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, যা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরিতে বিশেষ অবদান রাখছে। তাই ইসলাম ধর্মের বিশ্ব শান্তির সেই অমর বাণী বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের দায়িত্ব।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার উপজেলার বাজবী বাইতুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ওলামায়ে দেওবন্দ পীরে কামেল হযরত মাওলানা মফিজউদ্দিন (রহঃ) এর ৭৫তম ওফাত স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহফিলে সভাপতিত্ব করেন বাজবী বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোছলেহ উদ্দিন। এসময় আরও বক্তব্য রাখেন আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, হযরত মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম প্রমুখ।
এমপি নজরুল ইসলাম বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাসুলের আদর্শকে লালন করে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটানোই হবে প্রকৃত মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।
ওফাত স্মরণে শনিবার দুপুরের পর থেকে গরীব ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।


