Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত ১, জখম ৩০

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৪ পিএম

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত ১, জখম ৩০
Swapno

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে সমর আলী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও নারীসহ ৩০ জন জখম এবং বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনাসহ পুরো গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। ঘটনাস্থলে সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ থেকে রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত সমর আলীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

শুক্রবার রাতে ও শনিবার সকালে দফায় দফায় সংঘর্ষে মুক্তিযোদ্ধা, নারী ও শিশুসহ ৩০ জন আহত  হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

এলাকাবাসী জানায়, নয়াগাঁও গ্রামের আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবতই এই দ্বন্দ্ব চলছে।

 

১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮ টার দিকে এলাকার আলাউদ্দিনের নেতৃত্বে কামাল, গোলজার, বাদল, আরিফসহ ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্র, রামদা, বল্লম, ছেনা, চাপাতি ও লোহার রডে সজ্জিত হয়ে ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার দোকানে হামলা চালায়। এ সময় সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা বরজাহান, রেখা, তাসলিমা, সায়বা, জাবেদ ও জিসানসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা। ঘটনার সময় সাদেকের আত্মীয় স্বজনদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায় হামলাকারিরা।

 

এ ঘটনার জবাব দেয়ার লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাদেকুর রহমানের লোকজনও দেশীয় অন্ত্রে সজ্জ্বিত হয়ে আলাউদ্দিনের পক্ষের বাড়িঘরে হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

সংঘর্ষে আলাউদ্দিন পক্ষের সমর আলী, জাহিদুল ইসলাম, মাহিলউদ্দিন, মোশারফ, নুর নবী, নিলা, দেলোয়ার হোসেন, আব্দুল আলীসহ ৮ জন, সাদেক পক্ষের  খোরশেদ আলম, সাইদুল ইসলাম, জহিরুল ইসলাম, বিপ্লব, সুমন, শাকিল, মাহফুজ, ছোট সুমনসহ ১২ জন আহত হয়। এ সময় আলাউদ্দিন পক্ষের আহত সমর আলীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সে মারা যায়।  

 

এ সময় এলাকাবাসি অভিযোগ করে, দীর্ঘ দিন ধরেই দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। কয়েকদিন পর পরই এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত কোরবানী ঈদের আগের দিনও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় মহিলাসহ প্রায় ২৫জন আহত হয়েছিল। তাদের দ্বন্দ্বে সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। কিন্তু হাজী আলাউদ্দিনের ছেলে পুলিশ সদস্য হওয়ার কারণে তিনি প্রভাব বিস্তার করে এলাকার লোকজনকে জিম্মি করে রেখেছে।


 
সাদেক মোল্লার স্ত্রী শেফালী বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীর দোকানে ৩০-৩৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। আলাউদ্দিনের নির্দেশে হত্যার উদ্দেশ্য বাদল, ইয়ানবি, মঞ্জুর, সমর আলীকে কুপিয়ে জখম করে। এছাড়াও আমাদের লোকজনের দোকান ও বাড়িঘরে শুক্রবার ও শনিবার সকালে দুই দফায় হামলা ও ভাংচুর করে। আমাদের প্রায় ২০-২২জনকে কুপিয়ে আহত করে।

 

অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে সে জানায়, প্রতিপক্ষ উশৃঙ্খল লোক। আমার আত্মীয় সমর আলীকে কুপিয়ে তারা হত্যা করেছে। শুক্রবার রাতে আমি বাড়ি ফেরার সময় আমার উপর পুনরায় তারা হামলা করে। শনিবারও আমাদের লোকজনের বাড়িঘর ও দোকান ভাংচুর করে।

 

উভয় পক্ষের আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন