নাসিক এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা থাকবে না : মেয়র আইভী
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪১ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নাসিকের কদমরসুল এলাকায় আগামী ৫০ বছরের জনসংখ্যা বৃদ্ধির কথা চিন্তা করে মানুষের বিশুদ্ধ পানির সমস্যার সমাধানে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে মদনগঞ্জে পানির পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোন পানির সমস্যা থাকবে না।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বন্দরের সিরাজদৌল্লাহ ক্লাব সংলগ্ন এলাকায় পানির পাম্প স্থাপন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইয়ার সভাপতিত্বে পানির পাম্প স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর শাওন অঙ্কন, বীর মুক্তিযোদ্ধা আ. আজিজ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীর মুক্তিযোদ্ধা আ. জাব্বার, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, সমাজ সেবক মিয়া জামান, সুলতান খান, নেয়ামত উল্লাহ, পনির ভ’ইয়া, জিন্নাহ, ইউসুফ ভূইয়া ননী, মিয়া বাবু প্রমুখ।
১ হাজার ফুট খননের মাধ্যমে এই পাম্প স্থাপন করা হবে। এই প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকা। এ পাম্প থেকে প্রতি মিনিটে ৩ হাজার লিটার পানি উত্তোলন করা সম্বব হবে। আগামী ২ মাসের মধ্যে এই পাম্পের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।


