যাত্রীবেশী ছিনতাইকারীর কবলে পড়ে রিকশাচালক খুন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৫ এএম
নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া ইউনিয়নে যাত্রীবেশে ছিনতাইকারীর হাতে মো.সাদেক মিয়া (৪৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন। হত্যার পর রিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কুড়িয়াভিটা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত রিকশাচালক মো.সাদেক মিয়া বন্দর ইউনিয়নের তিনগাও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা যাত্রীবেশে রিকশা চালক সাদেক মিয়ার গাড়িতে উঠে কলাগাছিয়া বুরুন্দী কুড়িয়াভিটা পৌঁছে। সংযোগ সড়কের নিকটে পৌঁছালে নির্জনস্থানে চালককে ছুরিকাঘাত করে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে।
বন্দ্র থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম ও মদনগঞ্জ ফাড়ীর ইন্সপেক্টর আজগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


