মাদ্রাসায় জাতীয় পতাকা ও জাতীয় সংগীত থাকতে হবে (ভিডিও)
লতিফ রানা
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২০ পিএম
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বলেছেন, বন্দরের সকল মাদ্রাসায় বাধ্যতামূলক জাতীয় পতাকা উত্তোলন এবং পাঠদান শুরুর পূর্বে জাতীয় সংগীত গাইতে হবে। এর সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভূমিকা সম্পর্কে সকল শিক্ষার্থীদেরকে জ্ঞান দান করতে হবে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার উদ্যোগে যুগান্তরের ২২ বছরে পদার্পন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
এ সময় শুক্লা সরকার আরো বলেন, বন্দরের অধিকাংশ মাদ্রাসায়ই জাতীয় সংগীত গাওয়া হয়না। এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয় না। এটা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নির্দেশ দিচ্ছি, শিক্ষার্থীদের প্রতিদিনের কার্যক্রম শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এর যেন কোন প্রকার ব্যত্যয় না ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা এমএ রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন ও নাসিক ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তর বন্দর প্রতিনিধি আতাউর রহমান, ধন্যবাদ বক্তব্য রাখেন যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আব্দুল লতিফ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর হোসনেয়ারা বেগম, সাবেক কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া, সাংবাদিক দীন ইসলাম দীপু, আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা, মাওলানা মহিউদ্দিন, জাপা নেতা জহিরুল ইসলাম শাওন, মাহাদী হাসান, রিয়াজুদ্দিন রাজু, কবি নাজমুল হোসেন খান প্রমুখ।
এছাড়াও লক্ষণখোলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও দেড় শতাধিক এতিম শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবির সোহেল, সঞ্চালনা করেন অ্যাডভোকেট আল আমিন এবং পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এতিম শিক্ষার্থী রিয়াদ হোসেন।
এ সময় যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনাসহ সকল নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজান পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম।


