র্যাব-১১’র অভিযানে লাখ টাকার জাল নোটসহ ১ প্রতারক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩২ পিএম
সিদ্ধিরগঞ্জ এর ২নং ঢাকেশ^রী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার টাকা মূল্যের ১০১টি এবং ৫শত টাকা মূল্যের ২টি (মোট ১ লাখ ২ হাজার টাকা) জাল নোটসহ সোহেল হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করে র্যাব-১১।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ কোম্পানী কমান্ডার সিপিএসসি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম)।
শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে এই জাল নোটসহ সোহেলকে হাতে-নাতে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত সোহেল হোসেন রুবেল (৩২) ভোলা জেলার দৌলতখাঁ থানাধীন চরপাতা এলাকার মো. বেলায়েত হোসেন এর ছেলে।
প্রেস বার্তায় র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ সোহেল নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। র্যাব-১১’র একটি গোয়েন্দা দল তার উপর গোয়েন্দা নজরদারী করে ঘটনার সত্যতা পায়।
নিবিড় জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশ পাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।


