সোনারগাঁয়ে লবণ ভর্তি কাভার্ডভ্যান থেকে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৮ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯,১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় ইয়াবা পাচারের দায়ে ২ জনকে গ্রেফতারসহ পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন আদমজীনগর সিপিএসসি র্যাব-১১’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম)।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে এই অভিযান চালায় র্যাব-১১’র একটি দল। গ্রেফতারকৃত মো. সুমন (২৬) শহরের পাইকপাড়া এলাকার মো. আবতাব এর ছেলে এবং মো. সেলিম (৫০) মুসলিমনগর তামকপট্টি এলাকার মৃত মো. আলী আকবর এর ছেলে।
প্রেস বার্তায় আরো জানানো হয়, গ্রেফতারকৃতরা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পরষ্পর যোগসাজশে লবণ বোঝাই কাভার্ডভ্যানযোগে ১৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে কাভার্ডভ্যানের ভিতর লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ১৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় র্যাব।


