রূপগঞ্জে মামলা তুলে না নেয়ায় বাদীসহ দুইজন পিটিয়ে জখম
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৭ পিএম
রূপগঞ্জে ডেকোরেটর ব্যবসায়ী রাজুমিয়া (২১) হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে মামলার বাদীসহ দুইজনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদী রাজীয়া বেগম বলেন, তার ছেলে রাজু মিয়া একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। গত বছরের ১ জুলাই রাজু মিয়াকে হত্যা করা হলে রাজীয়া বেগম বাদী হয়ে উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকার খোকন মিয়ার ছেলে মামুন মিয়া ও একই এলাকার মোক্তার হোসেনের ছেলে নয়ন ওরফে হাত কাটা নয়নকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের কয়েকদিন পরেই তারা আদালত থেকে জামিনে বের হয়ে আসে। বেশ কিছুদিন ধরেই তারা রাজী বেগমকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয় ভীতি দেখায়। বৃহস্পতিবার বিকেলে রাজীয়া বেগম ও তার ছোট ভাই জামান মিয়া নিজ বাড়ি থেকে মুড়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল।
এসময় তারা ইছাখালী মোড় এলাকায় পৌছাঁলে আসামী মামুন, নয়ন ও তাদের আত্মীয় স্বজন কবির হোসেন, সুমন মিয়া, লতা বেগম, পারভেজ, মোক্তার হোসেন, ইকবালসহ অজ্ঞাত আরো ২/৩ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।
এ সময় তারা মামলা উঠিয়ে না নিলে তাদের হত্যা করা হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রাজীয়া বেগম রাতেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ প্রদান করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল হক কাদির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


