ফতুল্লায় প্রকাশ্যে খোলা মাঠে শিশু ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৪ পিএম
ফতুল্লায় চকলেট কিনে দেবার প্রলোভন দেখিয়ে দিনে দুপুরে খোলা মাঠে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার মাসদাইর পতেঙ্গা মাঠে ওই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান মাসদাইর বেকারীর মোড়ের সালাউদ্দিনের বাড়ির ভাড়াটে ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
ধর্ষণের শিকার কিশোরীর মা জানায়, সে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাসার গলিতে খেলতে থাকা তার মেয়েকে ধর্ষক আব্দুল মান্নান দশ টাকা দিয়ে চকলেট কিনে দেবার লোভ দেখিয়ে পতেঙ্গার মাঠ বলে পরিচিত পার্শ্ববর্তী একটি খোলা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি দেখতে পেয়ে মাঠের আশপাশের বিভিন্ন বাসার লোকজনসহ স্থানীয় পথচারীরা ছুটে এসে লম্পট আব্দুল মান্নানকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, প্রকাশ্য দিবালোকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী হাতে নাতে ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।


