Logo
Logo
×

নগরের বাইরে

কোটি টাকার পোশাকসহ কাভার্ডভ্যান উদ্ধার, গ্রেফতার ৮

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩২ পিএম

কোটি টাকার পোশাকসহ কাভার্ডভ্যান উদ্ধার, গ্রেফতার ৮
Swapno

সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকায় প্রিমিয়াম বেভারেজ ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরীর ভিতর অভিযান চালিয়ে রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান হতে অভিনব কায়দায় পোশাক চুরি করার সময় সংঘবদ্ধ চোর চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকসহ ০১টি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএম, পিবিজিএমএস) জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় এই অভিযান চালানো হয়।

 

গ্রেফতারকৃতরা হলো মো. লিটন (২০), মো. দুলাল (৩৫), মো. লোকমান চৌকিদার, মো. আলাউদ্দিন (৩১), মো. শাকিল (১৭), মো. মোস্তফা (৪১), মো. মিনহাজ আহম্মেদ (৩৫) এবং মো. রুবেল (২৪)। 

বার্তায় খন্দকার সাইফুল আলম আরো জানান, ফতুল্লার অপ্টিমাম ফ্যাশন ওয়্যার লিমিটেড এর রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কাঁচপুর বিসিক এলাকায় অবস্থিত প্রিমিয়াম বেভারেজ ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরীর ভিতর ঢুকিয়ে উক্ত ফ্যাক্টরীর কিছু অসাধু কর্মচারী গাড়ির চালক ও হেলপারের সাথে যোগসাজশ করে একটি সংঘবদ্ধ চোরচক্র রপ্তানিজাত পোশাক চুরি করে আসছিল।

 

তিনি জানান, পোশাকভর্তি কাভার্ডভ্যান তাদের সুবিধামত স্থানে নিয়ে শিপমেন্টের জন্য প্রস্তুত করে রাখা পোশাকভর্তি কার্টুন খুলে তার প্রতিটি কার্টুন হতে ১০ থেকে ২০টি করে পোশাক চুরি করে রাখতো তারা। যার ফলে গার্মেন্টস মালিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থসহ চাহিদা ও অর্ডার অনুযায়ী শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতার নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো।

 

তিনি আরো জানান, গোয়েন্দা নজরদারী চালিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় র‌্যাব-১১’র একটি দল কাঁচপুরে প্রিমিয়াম বেভারেজ কারখানার ভিতর অভিযান চালায়। সেখানে কাভার্ডভ্যান হতে রপ্তানীর উদ্দেশ্যে প্রস্তুত করা কার্টুন খুলে পোশাক চুরির সময় চক্রের ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় র‌্যাব প্রায় ১ কোটি টাকার রপ্তানিজাত চোরাই পোশাকভর্তি কাভার্ডভ্যানটি উদ্ধার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে উল্লেখ করে র‌্যাব জানায়, ভবিষ্যতে এই সংঘবদ্ধ চোরাইচক্রের পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোপন অনুসন্ধান ও কঠোর নজরদারী অব্যাহত থাকবে। 

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‌্যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন