ডা. ইভা আড়াইহাজারের সুনামকে আরও সমৃদ্ধ করেছেন : এমপি বাবু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৭ পিএম
নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেছেন, একজন প্রতিষ্ঠান প্রধানের সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে যে তার প্রতিষ্ঠানকে এক অনন্য উচ্চতা নিয়ে যেতে পারেন তার জলন্ত উদাহরণ ডা. সায়মা আফরোজ ইভা।
ডা. ইভা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পদে যোগদানের এক বছরের মধ্যে সরকারি এই হাসপাতালকে দেশের সেরা হাসপাতালে সারিতে নিয়ে গিয়ে আড়াইহাজারের সুনামকে আরও সমৃদ্ধ করেছেন। এটি যেকোন সরকারি দায়িত্বশীল কর্মকর্তাদের জন্য অনুকরণীয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মিলন মেলা ২০২১’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নজরুল ইসলাম বাবু আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসা সেবায় সকল জড়িতদের প্রেরণার উৎস ও পথপদর্শক। তার আদর্শ বুকে ধারণ করেই ডা. ইভার নেতৃত্বে করোনা মহামারিকালীন সময়ে আড়াইহাজার উপজেলার সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করেছে।
তিনি বলেন, অধিকাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেও তারা সুস্থ হয়ে পুনরায় মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। ফলে করোনায় আড়াইহাজারের প্রায় সকল আক্রান্ত রোগীই সুস্থ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, আড়াইহাজারের ইউএনও সোহাগ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া প্রমুখ।


