খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:)’র ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২২ পিএম
শহরের বাবুরাইলের ঐতিহ্যবাহি আজমীরী গলিতে তরিকতের পতাকা উত্তোলন করে সাত দিনব্যাপি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) এর ৬৬ তম বাৎসরিক ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) বাদ যোহর শহরের দুই নং বাবুরাইল এলাকার আজমীরী গলির মোড়ে এই আয়োজন করা হয়। এসময় সুন্দরভাবে ওরশ মোবারক পরিচালনার জন্য বিশেষ মেনাজাত ও দোয়া করা হয়। এই ওরশ মোবারকের কার্যক্রম আগামী ১ রজ্জব (১৪ ফেব্রুয়ারি) থেকে ৭ রজ্জব (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত নানা আয়োজনে অনুষ্ঠিত হবে।
ওরশ মোবারক উদ্বোধন করবেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই ও হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমীরী গলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সহসভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আলহাজ্ব মো. সহিদুল্লাহ, শফিকুল ইসলাম লিটন ও মমতাজুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সহসাংগঠনিক সম্পাদক কামরুল হুদা বাবু, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম রুবেল।
আরো উপস্থিত ছিলেন, কমিটির সদস্য আব্দুল হালিম, ইসমাইল হোসেন রমজান, গোলাম সারোয়ার শুভ, ইকবাল বাবু, মোতালেব, শাহজাহানসহ গণ্যমান্য ব্যাক্তি, তরিকতের পীর ভাই ও আশেকান ভক্তবৃন্দ।
ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসক চত্তরে তরিকতের পতাকা উত্তোলন, প্রতিদিন রাত ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর।
সবশেষে নেওয়াজ বিতরণ, আখেরী কুল ফাতেহার মধ্যদিয়ে ওরশের কার্যক্রম সমাপ্ত করা হবে।
উল্লেখ্য, আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।


