রূপগঞ্জে স্থায়ী রাস্তার অভাবে ভোগান্তিতে ২ গ্রামের মানুষ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪২ পিএম
কিছু স্থায়ী রাস্তার অভাবে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দুই গ্রামের শতাধিক পরিবারের হাজারো মানুষ বর্ষায় সময় পানিবন্দি আর শুষ্ক মৌসুমে ইরিক্ষেতের আইল ধরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের অধীনে থাকা এসব এলাকার মানুষ ভোগান্তিতে আছে বছরের পর বছর জুড়ে। বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের গেলেও কোন প্রকার সমাধান পাননি তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের অধীনে আছে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া ও কৈরাবো গ্রামের শতাধিক পরিবার। এসব এলাকার লোকজনের যাতায়াতের জন্য নেই কোন স্থায়ী রাস্তা।
ঢাকা সিলেট মহাসড়ক ও দেশের বৃহত্তম পাইকারী মার্কেট ভুলতা গাউছিয়ার সন্নিকটে এ গ্রাম দুটির অবস্থান হলেও স্থানীয় লোকজন দীর্ঘ বছর ধরে স্থায়ী রাস্তার আবেদন করেও কোন সাড়া পায়নি। ঢাকা-সিলেট মহা সড়কের দক্ষিণ মত্তুর্জাবাদ থেকে মাঝিপাড়া মহব্বতপুর মাদরাসার কাছ দিয়ে মুড়াপাড়া উপজেলা পরিষদ কার্যালয় পর্যন্ত একটি সরু রাস্তা থাকলেও গ্রামের ভেতরে প্রবেশের জন্য কোন স্থায়ী রাস্তা নেই।
ওই রাস্তা থেকে মাঝিপাড়া মাদরাসার পেছন দিকে রয়েছে শতাধিক পরিবারের বসবাস। বেরিবাঁধের অধীনে থাকায় নতুন করে নীচু জমিতে বাসস্থান বেড়ে গেলেও স্থানীয় জনপ্রতিনিধিদের নজর নেই বললেই চলে। আবার স্থানীয়রা সমঝোতায় জমি দিতে চাইলেও পরিষদের বরাদ্দ না থাকায় স্থায়ী রাস্তার সংকটে পড়েছেন তারা।
এ গ্রামের পাশেই রয়েছে, রবিন টেক্স, হারবেষ্ট, এনজেট, শরীফ ম্যালামাইনসহ বৃহত্তম শিল্পকারখানা। এসব শিল্পকারখানার শ্রমিকরা এ গ্রামের ঘর বাড়িতে ভাড়ায় বসবাস করেন। তাই শ্রমিক থেকে ভাড়া পাবার আশায় এখানে ঘর বাড়ি বেড়েই চলেছে। কিন্তু এখানে ভাল যাতায়াত ব্যবস্থা না থাকায় তাদের নিত্যই অসুবিধায় পড়তে হয়।
মাঝিপাড়ার বাসিন্দা শফিক মিয়া বলেন, পাউবোর খাল নিয়মিত পরিষ্কার না করায় বর্ষার দিনে বাড়ি ঘর তলিয়ে থাকে। এ সুযোগে একটি প্রভাবশালী মহল ওই পানিতে মৌসুমি মাছ চাষ করে। সে সময় বাধ্য হয়ে কোমর পানি ভেঙ্গে মুল রাস্তায় ওঠতে হয়। আবার শুষ্ক মৌসুমে ফসলি জমিতে চাষাবাদ করায় ক্ষেতের আইল ছাড়া যাতায়াতের কোন উপায় থাকে না। আবার স্থানে স্থানে পাউবোর খাল পার হতে অস্থায়ী বাঁশ ও কাঠের পুল ব্যবহার করতে হচ্ছে তাদের। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা।
অপর বাসিন্দা মনসুর আলী বলেন, মাঝিপাড়া ও কৈরাবোর নীচু এলাকায় রয়েছে ২শ‘র অধিক পরিবারের বাস। তাদের চলাচলের জন্য নেই স্থায়ী কোন রাস্তা। এখানে ঘনবসতি গড়ে ওঠলে এবং তারা সবাই ভোটার হওয়া সত্তেও তাদের ভাগ্যে জুটেনি কোন রাস্তা। এ সমস্যা বিগত ২০ বছর ধরে।
সাবেক ইউপি সদস্য শামীম ভুঁইয়া বলেন, রাস্তার সমস্যা সমাধানে বহুবার চেষ্টা করেছি, কিন্তু সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় তা আর সম্ভব হয়নি। ভাল রাস্তার অভাবে এখানকার শ্রমিক শিশু ও বৃদ্ধদের বেশি ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে ভুলতা ৮নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন বলেন, রাস্তার দাবী আছে কিন্তু সরকার ১২ ফুটের নিচে বরাদ্দ দেয় না। তবু নিজ অর্থায়নে মাটি ভরাট করে এ সংকট দূর করতে চেষ্টা করবো। তাছাড়া পাউবোর খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি ফলে সামনের বছর পানি জমে থাকবে না।
এছাড়াও ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া বলেন, বরাদ্দ যতটুকু পাই তা দিয়েই রাস্তা ঘাট হচ্ছে। তাদের ভোগান্তির বিষয়ে জানলেও সরকারী জমির সংকটে রাস্তা হয়নি। তবে স্থানীয়রা মিলে জমি ছাড়লে রাস্তার ব্যবস্থা করা যাবে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তাগুলো সাধারণত স্থানীয়দের সমযোতায় তৈরী হয়। প্রথমে মাটি ভরাট কাজ পরে পাকা করা হয়। ভুলতার সমস্যাটা বিচ্ছিন্ন ঘর বাড়ি থাকার কারণে হয়েছে। শীঘ্রই এসব গ্রামে রাস্তার ব্যবস্থা করার চেষ্টা করবো।


