আমাদের উপর আস্থা রাখুন, সমাধান পাবেন : অতি. পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৬ পিএম
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেছেন, মনে হয় আমাদের সামাজিক পঞ্চায়েতগুলো ঢিলেঢালা হয়ে গেছে। আমরা আগামী ১৫ তারিখ থেকে আপনাদের সামাজিক কমিটিগুলোর সাথে ধারাবাহিকভাবে বসতে চাই। যেখানে পঞ্চায়েত কমিটিসহ সামাজিক কমিটি রয়েছে সেখান থেকে আমাদের শুরু করতে। আপনারা আমাদের উপর আস্থা রাখুন, সব সমস্যার সমাধান পাবেন। সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কাজ করতে গেলে বিপত্তি হয়।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, চুরির বিষয়গুলোর বিষয়ে আমাদের যৌথ সমন্বয় দরকার। আমাদের যে লোকবল তাতে আপনাদের পুলিশ একা ২৪ ঘন্টা নিরপত্তা দিতে পারবে না। সমাজের যারা ভালো লোক রয়েছে তাদেরকে সাথে নিয়ে টিম গঠন করে এ চুরি ছিনতাই বন্ধ করা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বহির্বিশ্বের তুলনায় করোনা প্রতিরোধে আমরা ভালো অবস্থানে রয়েছি। এখন মনে হচ্ছে কাজ করার পরিবেশ সৃষ্টি হয়েছে। ভালো সেবা পেতে হলে ভালো নাগরিক হতে হবে। পুলিশ তো আপনাদের মাঝ থেকেই নেয়া হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নাসিক কাউন্সিলর অসীত বরণ বিশ্বাস, জমশের আলী ঝন্টু, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এরর সভাপতি ডা. শাহনেওয়াজ, মহানগর কমিউনিটি পুলিশিং'র সভাপতি এম সোলায়মান প্রমুখ।


