সিদ্ধিরগঞ্জে ধারালো চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৩ পিএম
সিদ্ধিরগঞ্জে ১৩ ইঞ্জি লম্বা স্টেইলনেস স্টীলের তৈরি একটি সুইচ গিয়ার চাকুসহ জসিম (৩৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় মিজমিজি’র টিসি রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে তাকে আটক করা হয়।
জসিম পাইনাদী নতুন মহল্লা এলাকার আবু সাঈদের ছেলে এবং ১নং ওয়ার্ড যুবলীগ নেতা পরিচয়দানকারী টাইগার ফারুকের ভাই।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. মসিউর রহমান জানান, কতিপয় দুষ্কৃতিকারি দেশীয় অস্ত্র নিয়ে দস্যুতা সংগঠিত করার জন্য টিসি রোড এলাকায় সমবেত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে। এ সময় আরো তিনজন দৌড়ে পালিয়ে যায়।
জসিমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে।


