বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৩ পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে এই তিন চাঁদাবাজকে গ্রেফতার করেন তারা। এসময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন, মো.আনোয়ার হোসেন (৩২), মোঃ গিয়াস উদ্দিন (৩২) এবং মো.আজিম হোসেন (৩০)।
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার জসিম উদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, উপস্থিত স্বাক্ষী ও বাস চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পলাতক আসামী মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক বাস প্রতি দৈনিক ৮০ টাকা থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী বাস চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে আজ মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করে ।
র্যাব-১১’র এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামী মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে পরস্পর যোগসাজশে অবৈধভাবে মদনপুর বাসষ্ট্যান্ড দিয়ে চলাচলরত বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে বাস চালকরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


