জাহাজ থেকে চুরি করা সয়াবিন তেল বিক্রির সময় গ্রেফতার ৪
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৮:০৭ পিএম
রূপগঞ্জের রূপসীতে শীতলক্ষ্যা নদীতে বিশেষ অভিযান চালিয়ে লাইটার জাহাজ থেকে চুরি করে ১৪ ড্রাম (২,৭২০ লিটার) অপরিশোধিত সয়াবিন তেল বিক্রি করার সময় চোরাই সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় র্যাব-১১। সংবাদ মাধ্যমে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আদমজীনগর সিপিএসসি, র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম)।

গ্রেফতারকৃতরা হলো মন্টু মিয়া (৩৫), মিজান হাওলাদার (৪৫), মাসুম হোসেন মোল্লা (৩৫) ও মানিক (৩০)।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে গড়ে উঠা সয়াবিন তেলের কারখানাগুলোতে প্রতিদিন গভীর সমুদ্র বন্দর হতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন তেলভর্তি শত শত তেলের লাইটার জাহাজ আসে। পণ্য খালাসের জন্য সেগুলো কারখানার পাশেই নদীতে নোঙ্গর করা থাকে।
রূপসী এলাকায় তেল চুরির একটি সিন্ডিকেট নোঙ্গর করা এই সকল জাহাজ থেকে দীর্ঘদিন যাবৎ অসাধু কৌশল অবলম্বন করে তেল চুরি করে বিক্রি করে আসছে। এতে জাহাজের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে বিশেষ কায়দায় মোটর সেট করা নৌকা ব্যবহার করে তারা নোঙ্গর করা জাহাজ থেকে তেল চুরি করে থাকে কালোবাজারে বিক্রি করে।

র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল দীর্ঘদিন এই চোরাই চক্রের উপর গোয়েন্দা নজরদারী করে। শুক্রবার রাত ২টা ৫০মিনিটে রূপগঞ্জের রূপসীর শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করা লাইটার জাহাজ হতে তেল চুরি করে ড্রামভর্তি অবস্থায় বিক্রয়কালে চোরাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এই অবৈধ উপায়ে তেল চুরি, মজুদ এবং অবৈধভাবে কেনাবেচার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন অছে এবং এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব।


