আড়াইহাজারে জমি দখলে বাধা দেয়ায় কৃষক জখম
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৬:৫৪ পিএম
আড়াইহাজারে জমি দখলের চেষ্টার সময় বাধা দেয়ায় শাবলের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে নিয়ত আলী (৬৫) নামে এক কৃষক। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাহ্মন্দী ইউনিয়নের নামাপাড়া এলাকার এ ঘটনাটি ঘটে। এ ঘটনা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কৃষক নিয়ত আলী নামাপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
নিয়ত আলী জানান, ইসলাম গংয়েরা তার দখলে থাকা ৪৭ শতাংশ কৃষি জমির মধ্যে ২৩ শতাংশ জোরপূর্বক দখলের চেষ্টা চালালে তিনি বাঁধা দেন। এর ফলে তারা দলবল নিয়ে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে জমিতে ফেলে শাবল ও লাঠিসোটা দিয়ে বেধড়ক আঘাত করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইসলাম মিয়া। তিনি বলেন, আমি কাউকে মারধর করিনি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


