জালকুড়িতেই প্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে : আইভী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:০০ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, বাংলাদেশে সর্বপ্রথম ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে জালকুড়িতেই। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে খুব সম্ভবত প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। চায়না একটা কোম্পানী এর কাজ পেয়েছে। আমাদের জ্বালানী প্রতিমন্ত্রী (নজরুল হামিদ দীপু)’র নেতৃত্বে এর কাজ চলছে। উদ্বোধনের এক বছরের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এই ময়লা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, তা আমাদের জাতীয় গ্রীডে গিয়ে যুক্ত হবে।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ‘মুক্তিযোদ্ধা সড়ক’ নামকরণসহ ৩টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মেয়র আইভী আরো বলেন, আমার কাজ হলো মানুষের উন্নয়ন করা। প্রধানমন্ত্রী বিগত ৫ বছরে আমাকে যে পরিমান টাকা অনুদান দিয়েছেন, যদি তা না দিতো তাহলে আমি উন্নয়ন করতে পারতাম না। আর উনি কখনও আমাকে বলে নাই, ‘তুমি শুধু আওয়ামীলীগের লোকদেরই উন্নয়ন করবা, বিএনপির উন্নয়ন করবা না’। তিনি সমানভাবে উন্নয়ন করতে বলেছেন।
কাউন্সিলর ঈস্রাফীল প্রধানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর আওয়ামলীগের সদস্য বদিউজ্জামান বদু, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, জালকুড়ি স্কুল এন্ড কলেজের সভাপতি এস.এম. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুইয়া জুলহাস, আয়াত আলী, আব্দুল মতিন, এহসান কবির রমজান, মহিউদ্দিন মোল্লা, রেজাউল করিম কুদরত, আব্দুল মালেক, মজিবুর রহমান সাউদ, বায়েজিদ আহমেদ, সমাজ সেবক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ, বশির আহমেদ প্রমূখ।


