Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে জালিয়াতির শিকার হচ্ছেন ভূমি মালিকরা 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০২:৫৭ পিএম

রূপগঞ্জে জালিয়াতির শিকার হচ্ছেন ভূমি মালিকরা 
Swapno

রূপগঞ্জ উপজেলার পূর্ব সাবরেজিস্টার ও ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় বাড়ছে জালিয়াতি করে জমি আত্নসাতের ঘটনা। অসাদু জালিয়াত চক্র নিরীহের জমি আত্নসাৎ করতে ভুয়া দাতার মাধ্যমে দলিল করে ভূমি কর্মকর্তাদের মাধ্যমে নামজারী করিয়ে এসব জমি বিক্রি করে দিচ্ছে বিভিন্ন আবাসন কোম্পানীর কাছে। এতে জমি মালিকরা তাদের বৈধ জমি হারিয়ে চরমভাবে হয়রানীর শিকার হচ্ছেন। একইভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা থাকায় একের জমি অন্যের নামে নাম জারী করিয়ে নিচ্ছেন অসাদু দালাল চক্র। দালালরা  জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া দলিল সৃজন করে জমি মালিকদের জিম্মি করে আসছে দীর্ঘদিন ধরে। 


সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক সূত্র জানায়, দলিল রেজিস্ট্রি করতে  টাকা দিলে অনিয়ম নিয়মে পরিণত হয়। বিধি অনুযায়ী জাতীয় পরিচয় পত্র দেখে, দলিলের বয়ান ভালো করে পড়ে , কাগজপত্র সঠিক কিনা তা যাচাই করে দলিল নিবন্ধের নিয়ম রয়েছে। কিন্তু সাবরেজিস্ট্রার পূর্ব মনিরুজ্জামান অতিরিক্ত কাজের চাপের অযুহাতে অবৈধ লেনদেনে জড়িয়ে ভুয়া দাতায় দলিল সৃজনের ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত। 

 

জমির ক্রেতারা জানান, ঘুষ না দিলে জমি রেজিস্ট্রেশনের সময় নানা ঝুট-ঝামেলা পোহাতে হয়। ছোটখাটো ভুল হলে ছুড়ে ফেলে দেয়া হয় দলিল। টাকার সংকেত পাওয়া গেলেই সব ঠিক হয়ে যায়। দলিল যাচাই করার সময়ের প্রয়োজন পড়ে না সংশ্লিষ্ট কর্মকর্তাদের। টাকার সংকেত হিসেবে কাঠপেন্সিলে দলিলকোণে লিখে এ বি সি ডি  বা ক খ গ ইত্যাদি নানা সংকেত। এ তে ১ হাজার বি তে ২ হাজার এভাবে ঘুষের অংক ব্যবহার করে দলিল লিখকদের কাছ থেকে আদায় করা হয় টাকা। এসব টাকা না দিলে সংশ্লিষ্ট দলিল লিখকের দলিল আটকে দেয় সাবরেজিষ্টার নিজেই।   


সম্প্রতি কাঞ্চন  পৌর এলাকায় মোবারক নামীয় এক ব্যক্তির মাধ্যমে শত বিঘা জমির ভুয়া দাতায় দলিল করে একটি আবাসন কোম্পানীর কাছে বিক্রি করা ও নামজারী করায় এসিল্যান্ড অফিস  ঘেরাও কর্মসূচী পালন করে ভুক্তভোগী জমি মালিকরা। ওই এলাকায় ক ও খ তফসিলের জমি ছাড়াও ব্যক্তিমালিকানার জমি আত্নসাতের ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

 

সরেজমিন গিয়ে জানা যায়, প্রতিদিন গড়ে এ সাবরেজিস্ট্রারের অফিসে শতাধিক দলিল সম্পাদন হয়। এসব দলিল রেজিস্ট্রি করতে প্রকাশ্যেই সাবরেজিস্ট্রার অফিসের কেরানি, পিয়ন ও সাবরেজিস্ট্রারের সুবিধাভোগী একাধিক দুর্নীতিবাজ দলিল লেখক, দাতা ও গ্রহীতাসহ অন্য দলিল লেখকদের কাছ থেকে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায় করেন। এমন অতিরিক্ত টাকা আদায় করতে গিয়ে দলিলের সঠিক দাতা ও কাগজপত্রাদি যাচাই করেন না। এ সুযোগে জালিয়াত চক্রের মাধ্যমে জমি আত্নসাৎ চেষ্টা চালিয়ে আসছে এখানে। 


দলিল লেখকরা জানান, কমিশনে দলিল সরকার নির্ধারিত ফি ৭৫০ টাকা, বন্টননামা দলিলে সরকার নির্ধারিত ফি ২৫০ টাকা, সাবকবলা দলিলে শতকরা ১২ টাকা ব্যাংক জমার নিয়ম, হেবা ঘোষণাপত্র দলিল ফিসবিহীন করার নিয়ম থাকলেও  সাবরেজিস্ট্রার অফিসকে দিতে হয়  তাদের চাহিদামতো ১০গুণ টাকা। 


এসব বিষয়ে রূপগঞ্জ (পূর্ব) সাবরেজিস্ট্রার মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত কাজের চাপে আসল নকল কাগজ যাচাইয়ের সুযোগ কম হয়। তাছাড়া ভুয়া দাতারা অপকৌশলে ভোটার কার্ড , নামজারী কাগজ নিয়ে নানাভাবে জালিয়াতি করে থাকে। কোন সময় বিভিন্ন মহলের চাপ থাকে বা নানা ব্যস্ততার কারনে দুএকটি চেনার উপায় থাকে না। তবে এসব বিষয়ে আরো সতর্ক হয়ে কাজ করছি। এখানে কোন প্রকার ঘুষের লেনাদেনা নেই। 


এদিকে জালিয়াতির মাধ্যমে জমি আত্নসাৎ করতে নেয়া হয় ভুমি অফিসের সহায়তায়। জালিয়াত চক্রটি প্রথমে ভুয়া দাতায় ‘ক’ ও ‘খ’তফসিল সম্পত্তি চিহ্নিত করে তা আত্নসাতের পরিকল্পণা করে। পরে ওই জমিটি আবাসন কোম্পানীর কাছে কমদামে বিক্রি করে দেয়। এ সুযোগে আবাসন কোম্পানী ওই বিতর্কিত জমিতে সাইন বোর্ড ও বালি ফেলে দখলে নেয়। এভাবে ব্যক্তিমালিকানাধীন জমিও আত্নসাতের অপচেষ্টা চালায়।


আবাসন কোম্পানী কিংবা দলিল সম্পাদনের পূর্ব শর্ত হিসেবে জমা খারিজকে প্রাধান্য দেয়ায় জালিয়াত চক্রটি ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের হাতিয়ে নেয়ার চেষ্টা চালায়। তারা তাদের প্রস্তাবে রাজি না হলে ভুয়া দলিল ফটোকপি কিংবা জালিয়াতির মাধ্যমে নকল দলিল দেখিয়ে একের জমি অন্যের নামে করিয়ে নিচ্ছে। এতে প্রকৃতমালিকরা হারাচ্ছে তাদের জমির স্বত্ব। আইনের আশ্রয় না পর্যন্ত মিলছেনা জমি ফিরে পাবার নিশ্চয়তা। আবার আইনি জটিলতায় বিচার পেতে দীর্ঘ সময় ব্যয়ের হওয়ায় মাঝপথে জমি চলে যাচ্ছে বিভিন্ন আবাসন কোম্পানীর কব্জায়।  


রূপগঞ্জ সদর এলাকার জমি মালিক আবু হানিফ বলেন, ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের সুনজর থাকলে এমনটা হতে পারতো না। তারা টাকার বিনিময়ে একের জমি অন্যের নামে নামজারী করে দিচ্ছে। তারা যদি সঠিক মালিকানা বহাল রাখার ব্যবস্থা করতো তাহলে অন্য দফতরগুলো জালিয়াতি করার সুযোগ পেত না।   


গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া বলেন, গত ১ বছরে ১ হাজার ২শ বিঘা জমি অন্যের নামে নামজারী করিয়ে দিয়েছে গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন। এ অঞ্চলের জমি মালিকরা হয়রানীর শিকার হয়ে বাধ্য হয়ে বিবিধ মোকদ্দমা (মিস কেইস) হাজিরা দিচ্ছেন।  এখানে  গত ১ বছরে গোলাকান্দাইলের আধুরিয়া, কেশরাবো, ভালুকাবো মৌজায় আবাসন কোম্পানীর লোকের নামে অবৈধভাবে ১ হাজার ২শত বিঘা জমি নামজারী করে দিয়েছেন তিনি। এতে জমিমালিকরা বিভিন্ন উপায়ে প্রতিবাদ করেও কোন  প্রকার সুরাহা পায়নি তারা। 


সূত্র আরো জানায়,  ইউনিয়ন ভুমি অফিসে নিয়ম বহির্ভূতভাবে  ভুমি উন্নয়ন কর(খাজনা) আদায়,  জমির নামজারী,  সরকারী জমি বন্দোবস্ত রক্ষণাবেক্ষণ,  বন্দোবস্ত ও অর্পিত সম্পত্তি লিজ,  একজনের জমি অন্যের নামে নামজারী করা,  বিনা নোটিশে নামজারী কর্তন করা এখন নিয়মে পরিণত হয়েছে। নিস্কন্টক জমিতে বিঘা প্রতি আদায় হয় ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। আর খ তফসিলে ১ লাখ থেকে জমির পরিমাণ ভেদে ৫ লাখ টাকা। দাবীকৃত টাকা না দিলেই ফাইল আটকিয়ে হয়রানী করাই হয় তাদের  কাজ। 


আধুরিয়া এলাকার সিরাজ মিয়া বলেন, তার দাবীকৃত টাকা না দেয়ায় তার আবেদন বাতিল করে দেয়। এতে ৩৩ শতক জমির খারিজ করাতে পারিনি। একইভাবে একই এলাকার এবাদুলের দাবীকৃত টাকা না দেয়ার ৬৯ শতক জমির নামজারী করাতে পারেননি তারা। 


এসব বিষয়ে আনোয়ার হোসেন বলেন, জমির মঞ্জুর না মঞ্জুরের এখতিয়ার সহকারী কমিশনার (ভুমি)‘র। এতে আমার কিছু করার নেই। তাছাড়া জমি মালিকরা যেসব কাগজ পত্র উপস্থাপন করেন তা আসল নকল বুঝায় উপায় নেই।  এ সময় ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন তিনি।  


একই চিত্র উপজেলার রূপগঞ্জ সদর, দাউদপুর ,মুড়াপাড়া,  কায়েতপাড়া, কাঞ্চন পৌরসভা ও ভোলাব ইউনিয়ন ভুমি অফিসের। এসব ভুমি অফিসে নির্ধারিত নায়েব, সহকারী নায়েব ও একজন এমএলএস থাকার কথা থাকলেও লোকবল কম থাকার অযুহাতে ৬ জনের বেশি ভাসমান ওমেদার কাজ করছে এসব কার্যালয়ে। আর ওই ওমেদারদের মাধ্যমেই তারা অবৈধ লেনদেনে জড়িয়ে যাচ্ছে। এতে হয়রানীর শিকার হচ্ছে প্রকৃত জমি মালিকরা। 
অভিযোগ রয়েছে, রূপগঞ্জ সদর ইউনিয়নের এক সহকারী ভুমি কর্মকর্তা আব্দুল মতিনের বিরুদ্ধেও। তিনি মেট্টোরেলের সীমানায় একোয়ার অংশের জমি নামজারী করাতে শতাংশ প্রতি ১০ হাজার করে আদায় করছেন। জমি মালিকরাও দ্রুত জমা খারিজ করাতে এ নিয়ে কোন অভিযোগ করছেন না। আবার এখানেও জালিয়াত চক্র ভুয়া কাগজ দেখিয়ে একের জমি অন্যের নামে নামজারী করিয়ে নিচ্ছে। বিনা নোটিশে একের জমি অন্যকে কেটে দিচ্ছেন এই অসাদু কর্মকর্তা।  

 

তবে আব্দুল মতিন এ বিষয়ে বলেন, জমি মালিকদের জমাকৃত কাগজসূত্রেই নামজারী প্রস্তাব দেয়া হয়। এতে ঘুষের কোন বিষয় নেই। আবার ভোলাবো ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা সঞ্জয় কুমার ভাউয়ালের মাধ্যমে ঐতিহাসিক পাল বাড়ির জমিগুলোতে জালিয়াতকারীদের পক্ষে নামজারী করে দিয়েছেন। এতে ওই এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মহলে আবেদন করে হয়রানী হয়ে আসছেন।ওই দলিলেও পূর্ব সাবরেজিস্ট্রিারের সহায়তা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে অতিরিক্ত চাপে সব যাচাইয়ের সুযোগ থাকেনা বলে অযুহাত জানালেন  সহকারী নায়েব সঞ্চয় কুমার ভাউয়াল।      


এসব বিষয়ে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান বলেন, রূপগঞ্জে বিভিন্ন কারণে জমিজমা সংক্রান্ত বিরোধ বেশি। এখানে জালিয়াত চক্র সক্রিয় বলে জেনেছি।তাই অনেকেই জমি বিষয়ে আইনি আশ্রয়ে রয়েছেন। জালিয়াতরা কোন কর্মকর্তা বা কর্মচারীকে জ্ঞাতসারে ব্যবহার করে থাকলে এর সাথে কারো জড়িত হওয়ার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন