সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৪:৫৮ পিএম
নারায়নগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের তৎপরতা, কিশোর গাং এর ভয়াবহতা ও যানজট নিরসনে অটোরিকশা অপসারণের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
বৃহষ্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এড. আজাদ বিশ্বাস, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন, ফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসলাম, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. জাহিদুল ইসলাম, ভিডিপি কর্মকর্তা মজিদ কুমার, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মামুনসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নাহিদা বারিক বলেন, বর্তমানে মাদকের তাৎপরতা দিনের পর দিন বেড়েই চলেছে। এই মাদক নিয়ন্ত্রন করতে হলে সবার আগে পিতা-মাতাকে এগিয়ে আসতে হবে। তাদের সন্তান কোথায় যায় কি করে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, মাদকের সংষ্পর্শ থেকেই কিশোর গাং এর ভয়াবহতা বেড়ে চলেছে। তাই কিশোর গাং নিয়ন্ত্রনে আনার জন্য প্রশাসনসহ সবাইকে এক সাথে কাজ করতে হবে। এ সময় তিনি যানজট ও অটো নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


