Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পাইপ স্থাপনের কাজে ধীরগতি, জনদুর্ভোগ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৪:৪২ পিএম

আড়াইহাজারে পাইপ স্থাপনের কাজে ধীরগতি, জনদুর্ভোগ
Swapno

আড়াইহাজার পৌরসভার সীমান্তবর্তী দক্ষিণপাড়া সড়কের সেতু এলাকায় পাইপ স্থাপনের কাজ বন্ধ রয়েছে। ফলে এই সড়কটি দিয়ে যানবাহন চলাচলও বন্ধ আছে। এর ফলে বিকল্প সড়ক বগাদী এলাকার স্টীল ব্রীজ ব্যবহার করতে গিয়ে মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েকটি ইউনিয়নের মানুষ।

 

প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরসভা এলাকায় জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপনের এই প্রকল্প হাতে নেয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি মেঘা প্রকল্পের একটি অংশ।

 

উপজেলা এলজিইডি’র আওতায় প্রপার্টি ডেভেলপমেন্ট (পিডিএ) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজের টেন্ডার পেয়েছেন। তারা জানায় রাস্তাটি আগামী দুই মাসের মধ্যে চলাচলের উপযুক্ত করা হবে।

 

সরেজমিন দেখা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে নেয়া পাইপ স্থাপনের প্রকল্পটির কাজ বন্ধ রয়েছে। কয়েক দিন আগেও ঠিকাদারী প্রতিষ্ঠান এখানে কাজ করছিল। হঠাৎ করেই কাজ বন্ধ রাখা হয়েছে।

 

পাইপ স্থাপনের জন্য যে গর্ত করা হয়েছিল সেখানে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টুনী না থাকায় পথচারিদের পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে লোকজন রাতে চলাচল করতে পারছে না।

 

দক্ষিণপাড়া এলাকার কৃষক সামছুল হক জানান, যাতায়তে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে যানবাহন বন্ধ রয়েছে। পায়ে হেটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে যেতে কষ্ট হচ্ছে।

 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সিরাজুল ইসলাম জানান, সড়ক খোঁড়ার ফলে তার বাড়ি-ঘরসহ অনেকের বাড়িই পাইপ স্থাপন করার জন্য তৈরী করা গর্তে ভেঙে পড়ছে।

 

মাহমুদপুর ইউনিয়নের কাপড় ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় তার প্রতিষ্ঠানে উৎপাদিত কাপড় সাপ্লাই দিতে পারছেন না। এতে তিনি লোকসানের মুখে পড়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার দাবি জানান। 

 

উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, জনদুর্ভোগ লাঘবে ও গুনগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে পাইপ স্থাপনের কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন