রূপগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১০:২৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিল প্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিনের কর্মী সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষ থেকে ইট পাটকেল ছোড়াছুড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদেরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কাউন্সিলর প্রার্থীকেই আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১৬ই জানুয়ারি তারাবো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিকেলে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন ও আরেক প্রার্থী রুহুল আমিন মিছিল ও শোডাউনের আয়োজন করে। সন্ধ্যায় উভয়পক্ষের মিছিল নোয়াপাড়া মহিলা মাদ্রাসার সামনে মুখোমুখি হলে উভয়পক্ষের লোকেরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষ পার্শ্ববর্তী বস্তি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত লোকের সমাগম ঘটায়। সংঘর্ষে উভয় পক্ষের মজিবর রহমান, ইউছুফ, তানভীর, মতিন, বস্তির সাদ্দাম, আরজ আলী, সরাফত, মোমেন, রাজু, সাহেদ, তারিক, মোবারক, জসিম, ইলিয়াছ, সোবাহান, শফিকুল, মিয়াজানসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে টেক্সটাইল শ্রমিক মজিবরের অবস্থা আশংকাজনক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, ‘সংঘাতের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উভয় প্রার্থীকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ঘটনা পর্যালোচনা করে মামলা রুজু করা হবে।’


