তেল চোর হান্নানের আস্তানায় র্যাবের অভিযান, আটক ১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৮:৫৭ পিএম
সিদ্ধিরগঞ্জে একটি চোরাই তেলের আস্তানায় অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোরাই ফার্নিশ তেল উদ্ধার করেছে র্যাব-১১। এসময় চোরাই তেল চোর চক্রের মো.জাহাঙ্গীর আলম (২৮) নামে একজনকে আটক ও একটি তেলের ট্যাংকলরী জব্দ করেছে।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ছাপাখানার দক্ষিণ পাশে মোঃ হান্নান প্রধানের ফার্নিশ তেলের হাউজে অভিযান চালিয়ে এ চোরাই তেল ও চোর চক্রের সদস্যকে আটক করা হয় ।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট চোরাই তেলের অস্তানা গড়ে তুলেছে। হান্নান প্রধানের প্রত্যক্ষ মদদে ডিপো হতে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে আটি এলাকায় মাটির নিচে ৫০ থেকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার তেলের হাউজ তৈরি করে। সেখানে চোরাই ফার্নিশ তেল মজুদ করে এবং রাতের অন্ধকারে তেলের ট্যাংকার ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। এই চোরাই তেলের আস্তানার মালিক হান্নান প্রধানের বিরুদ্ধে ইতোঃপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ১০টি মামলা হয়। যা চলমান রয়েছে। পলাতক হান্নান প্রধান ও আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, যেসব মামলায় আঃ হান্নান ওরফে হান্নান প্রধান আসামী সেগুলো হল, সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং-৩৩ (২০/১০/২০১৪), এফআইআর নং-১২ (১২/৩/২০১৩), এফআইআর নং-২৯ (১৫/৯/২০০৬), এফআইআর নং-৩৫ (৩৩/৪/২০১৬), এফআইআর নং-১৪ (১১/৫/২০১৩), এফআইআর নং-১৫ (১১/৫/২০১৩), এফআইআর নং-৩২ (২৯/৫/২০০৯), এফআইআর নং-৯ (০৬/১/২০২০), এফআইআর নং-৭ (১৮/৫/২০২০), এফআইআর নং-৪২ (২০/৩/২০২০), এফআইআর নং-৩ (৩/৮/২০২০)।
স্থানীয়দের অভিযোগ, র্যাবের এই অভিযানে পলাতক আঃ হান্নান ওরফে হান্নান প্রধান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া সোনামিয়া বাজার এলাকার ইউছুফের ছেলে। তার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় খোঁজ খবর নিয়ে হত্যাসহ ১১ মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ বিশেষ ক্ষমতা আইনে মামলাও রয়েছে।
এলাকাবাসী জানায়, আঃ হান্নান ওরফে হান্নানের নামে হয়েছে হত্যাসহ ১১ মামলা। অধিকাংশ মামলায়ই আঃ হান্নান ওরফে হান্নান প্রধান এজহারভুক্ত আসামী। মামলার কারণে বিভিন্ন সময়ে একাধিক বার কারাবাসও করেছেন। একাধিক মামলার কারণে প্রায় তাকে পুলিশ প্রশাসনের ঝামেলায় পোহাতে হয়। প্রশাসনের চোখ ফাঁকি দিতে সে নিজে একটি পত্রিকার কার্ড সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার গাড়ী চালক, মাদক ব্যবসায়ীসহ কয়েক জন টাউট শ্রেনীর লোক গঠন করেছে জাতীয় সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ থানা কমিটি। ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে আঃ হান্নান ওরফে হান্নান প্রধান দাবড়ে বেড়াচ্ছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা।


