নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হওয়ায় রফিকুল ইসলাম জীবনকে সংবর্ধনা দিয়েছে ফতুল্লার এনায়েত নগরের গাবতলী যুব সমাজ। এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিল্লাল হোসেন রবিনকেও সংবর্ধনা দেয়া হয়।
শনিবার (৯ জানুয়ারি) বিকালে এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্লোরী স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রাকিব আহম্মেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আলী আকবর, এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসান, হাজী আবদুল লতিফ, গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মির্জা শামসুল ইমাম, সাবেক পুলিশ কর্মকতা আজিজুর রহমান, হাজী হেলাল উদ্দিন মাস্টার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, গাবতলী সমাজ উন্নয়নের সভাপতি রফিকুল ইসলাম জীবন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সহসভাপতি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। সে সব সময় এলাকার মানুষের পাশে থাকে। যে কোন সমস্যায় এগিয়ে আসে। আমরা আগামীতে তার আরও সফলতা কামনা করি।
বক্তারা আরও বলেন, গাবতলী এলাকার উন্নয়নে ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসানের ভুমিকা অপরিসীম। এলাকার মুরুব্বিদের সার্বিক সহযোগিতায় তিনি উন্নয়ন কাজগুলো করে যাচ্ছেন। গাবতলীকে একটি আধুনিক এলাকায় রূপ দিতে তিনি তার সাধ্যমত কাজ করছেন। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে সিসি ক্যামেরা বসিয়েছেন। এই সিসি ক্যামেরার সুফল এলাকাবাসী পাচ্ছেন।


