আদমজীতে শ্রমিক পুলিশ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ০৫:১৯ পিএম
সিদ্ধিরগঞ্জে আবারো শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ, আগুনসহ ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৯ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ লঠি চার্জ, টিয়ার সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে।
এ সময় শ্রমিকদের সড়ক অবরোধ ও সংঘর্ষের কারণে সকাল থেকেই ওই সড়কে সকল ধরণের যানচলাচল বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

শ্রমিকরা অভিযোগ করে, ইপিজেড’র কুনতং এ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) কারখানা গত বছরের ১০ আগষ্ট হঠাৎ করেই দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। সেই বন্ধ বিভিন্ন সময় বাড়াতে বাড়াতে চার মাস চলে যায়।
বন্ধ হওয়ার পর শ্রমিকদের আংশিক বেতন দেওয়া হয়। গত সাত জানুয়ারি বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। সেদিন শ্রমিকরা অন্দোলন করলে ১২ জানুয়ারি বেতন পরিশোধ করা হবে বলে পুলিশ আশ্বস্থ করেছিল।
মালিক পক্ষ এখন বলছে আগামী ১৮ জানুয়ারি বেতন দেওয়া হবে। একই সাথে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে বেতন পরিশোধ অনিশ্চিত মনে হওয়ায় আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছ বলে শ্রমিকরা জানায়।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেও আন্দোলন থামাতে ব্যর্থ হন।
একপর্যায় দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও গাছের গুড়ি, বাঁশ ও কাঠের টুকরো সড়কের বিভিন্ন জায়গায় স্তুপ করে আগুন ধরিয়ে দেয়। এতে করে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ লাঠি চার্জ, জলকামান ও ছয় রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়। দুপর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাম প্রকাশ না করার শর্তে শ্রমিকরা জানায়, ফ্যাশন সিটি কারখানায় প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করে। বকেয়া বেতনের দাবিতে সকাল ৮ টায় তারা ইপিজেড’র ভিতরে কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান নেয়। তখন বেপজার পুলিশ ও আনসার সদস্যরা তাদের সাথে খুব খারাপ আচরণ করে। পরে শ্রমিকরা ইপিজেড থেকে বের হয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ লাঠি চার্জ করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, বেপজা ও শিল্প পুলিশ মিলে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। কারখানা কর্তৃপক্ষ বলেছে ১৮ জানুয়ারি ১ মাসের বেতন পরিশোধ করবে। কিন্তু শ্রমিকরা মানছেন না।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, শ্রমিকদের বেতন ভাতা না দেওয়ার কারণে তারা রাস্তা অবরোধ করে। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি।
শিল্প পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক জানান, আগামী ১৮ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিক পক্ষ। তারপরও তারা আবার আন্দোলন শুরু করে। আমরা মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার চেষ্টা করছি।


