আড়াইহাজারে গ্যাসের আগুনে দগ্ধ রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৬:১১ পিএম
আড়াইহাজারে একটি পার্টি সেন্টারে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ম্যানেজার ফরিদ মিয়ার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ছোট বিনাইরচর এলাকার মৃত আনছার আলীর ছেলে।
বুধবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ২ জানুয়ারি আড়াইহাজার পৌরসভা বাজারের দুবাই প্লাজার পাঁচ তলায় রয়েল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে গ্যাসের সঞ্চালন পাইপ থেকে আগুনের ঘটনায় দগ্ধ হন ফরিদ। এ ঘটনায় সেদিন আরও তিনজন দগ্ধ হয়েছিল।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। নিহতের ভাই রাজু মিয়া বলেন, আগুনে ফরিদের শরীরের অধীকাংশই পুড়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি মৃতের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।


