কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় কারাগারে শিক্ষক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৮:৪২ পিএম
ফতুল্লায় কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক বিভাস সরকার (৪০)কে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। বিভাস সরকার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার বাসুদেব সরকারের ছেলে।
সোমবার (৪ জানুয়ারী) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ আদেশ দেন। সে সময় আসামিকে আদালতে উঠালে তার বিরুদ্ধে কোন রিমান্ড কিংবা জামিন শুনানির আবেদন করা হয়নি।
এর আগে, রোববার বিকেলে ফতুল্লা রেলষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ফতুল্লা মডেল থানার পুলিশ। কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের এএসআই মো. শাহিন।
মামলা সূত্রে জানা যায়, ফতুল্লার দাপা রেল ষ্টেশন মুন্না ফার্মেসী সংলগ্ন জনৈক ব্যক্তির দ্বিতীয় তলায় শিক্ষক বিভাস সরকারের রয়েছে একটি কোচিং সেন্টার। গত এক বছর ধরে এই কোচিং সেন্টারের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীটি কোচিং করে আসছেন। গত দুই মাস পূর্বে ছাত্রীটি কোচিং সেন্টারে যাতায়াত বন্ধ করে দেয়।
তারপর থেকে শিক্ষক বিভাস বিভিন্ন সময় ছাত্রী’র মাকে ফোন করে কোচিং সেন্টারে পাঠাতে বলেন। ছাত্রী কোচিং সেন্টারে গেলে শিক্ষক বিভাস অন্যান্য শিক্ষার্থীদের বিদায় করে দিয়ে কথা আছে বলে বসিয়ে রাখে এবং পরে কু-প্রস্তাব দেওয়া সহ ছাত্রীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়।
৩১ ডিসেম্বর দুপুর আড়াইটায় ঐ শিক্ষক ছাত্রীকে ফোন করে কোচিং সেন্টারে আসতে বলে। কোচিং সেন্টারে এসে ছাত্রীটি দেখতে পায় অন্য কোন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত নেই।
এমতাবস্থায় সে বাসায় ফিরে যেতে চাইলে শিক্ষক কোচিং সেন্টারের দরজা ভিতর হতে বন্ধ করে ছাত্রীকে জড়াইয়া ধরে এবং শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। বাঁধা নিষেধ করার পর তাকে ভয়-ভীতি দেখায়। এক পর্যায় ছাত্রীর খালাত ভাই জিহানকে ফোন করলে সে এসে উক্ত কোচিং সেন্টার থেকে ছাত্রীটিকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।


