থানায় অভিযোগ দেয়ায় বাদীর বাড়িতে হামলা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৭:০৩ পিএম
আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ফারহানা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ায় বাদীর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২ জানুয়ারী) রাতে বাদী ফুল মেহেরের বসত ঘরে এই হামলা করা হয়। এসময় বাদীর ঘরের বিভিন্ন আসবাপত্র ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ফুল মেহের জানান, গত বছরের ২৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ছনপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ফারহানা ট্রেডার্সে পাইকারী চাউল, মাছের খাবার ও মুরগীর পাইকারী খাবার বিক্রি দোকানে জাবেদসহ আরো কয়েক বেশ কিছু লোক পূর্বশক্রতার জেরে হামলা চালায়।
এসময় তারা তার বোনের ছেলে ইয়াকুমকে দোকান থেকে বের করে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের সাথে থাকা লোহার পাইপ দিয়ে তার শরীরিরে বিভিন্ন স্থানে আঘাত করে।
তিনি আরও জানান, তারা দোকানের ক্যাশ বাক্স ভেঙে এক লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। দোকানের ভিতরে ভাংচুর করে প্রায় এক লাখ ১০ হাজার মালামালের ক্ষতিগ্রস্ত করে।
এই বিষয়ে অভিযুক্ত জাবেদের সাথে যোগাযোগ করলে সে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি বা আমাদের কোনো লোক কাউকে মারধর করেনি, দোকান লুটপাট করেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


